বইমেলায় বসন্তের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে বইমেলায় এসেছিলেন ওঁরা। ছবি: প্রথম আলো
বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে বইমেলায় এসেছিলেন ওঁরা। ছবি: প্রথম আলো

‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়...।’

আজ শনিবার বসন্তের প্রথম দিনে একুশের বইমেলায় বেড়াতে এসে রবীন্দ্রনাথের এ চরণটি মনে পড়ছিল বারবার। বারোয়ারি মেলা থেকে মেলাটিকে বইমেলায় রূপান্তরের সঙ্গে সঙ্গে স্টলগুলোয় উচ্চস্বরে ক্যাসেট বাজানো বন্ধ করা হয়, শোনা যায়নি হকারের হাঁক-ডাক। মেলার ভিড়ে হাঁটতে হাঁটতে শোনা যাচ্ছিল কোকিলের কুহুধ্বনি। বিকেলে বইমেলা প্রাঙ্গণে বর্ধমান হাউস ঘেঁষা আমগাছের পাতা নাড়িয়ে দিল এলোমেলো হাওয়া, নজরুল একাডেমির স্টল ওই আমগাছ ঘিরে, স্টলের নিচেই দেখা গেল কিছু ঝরাপাতা। আমের মুকুলের গন্ধ ভাসছে বাতাসে। আজ যে বসন্তের প্রথম দিন!
বেলা ১১টায় মেলার দ্বার খুলেছিল। দুপুর থেকেই বইমেলায় ছিল মানুষের জোয়ার। এর মূল কারণ দুটি। আজ শনিবার ছুটির দিন, অন্যটি পয়লা ফাল্গুন।
মেলায় অনেক তরুণীই আসেন মাথায় ফুলের মুকুট, হাত ভর্তি ফুলের মালা আর বাসন্তী কিংবা হলুদ শাড়ি পরে। তাঁদের হাতে রিনিঝিনি শব্দ করে বাজছে কাচের চুড়ি। কারও গালে বা বাহুতে আবার আলপনা। পিছিয়ে নেই তরুণেরা। পুরুষদের গায়ে রং বাহারী পাঞ্জাবি। তবে সবচেয়ে সুন্দর করে সেজে এসেছে শিশুরা।
শাহবাগ চত্বর থেকে টিএসসির মোড় অবধি রিকশা, মৎস্য ভবন থেকে দোয়েল চত্বর সিএনজি ট্যাক্সি, প্রাইভেট কার। আর সব দিকেই যেন জনসমুদ্র। এই জনসমুদ্র পেরিয়ে বইমেলার তোরণ পর্যন্ত পৌঁছানোটাই কঠিন হয়ে যায়। জ্যাম দেখে, রিকশা ছেড়ে বাচ্চা কোলে নিয়েই ভিড় ঠেলে মেলার পথে হাঁটা ধরেছেন বাবা। ঠিক পৌঁছে গেছেন সোহরাওয়ার্দী উদ্যানে কিংবা বাংলা একাডেমি চত্বরে। আগের দিন শুক্রবার জনজট ছিল শুধু বিশেষ কয়েকটা মোড়ে।
দুপুর থেকেই ভিড় ছিল বইমেলায়। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমা প্রকাশন, অন্য প্রকাশ, পাঞ্জেরি, অ্যাডর্ণ, তাম্রলিপি, মাওলা, সময়, সেবার স্টলে ভিড় চোখে পড়েছে সবচেয়ে বেশি। মেলায় আজ নতুন বই এসেছে ১৩৫টি।
সরকারি চাকরিজীবী জাকির হোসেন এসেছেন ওয়ারি থেকে। সঙ্গে স্ত্রী ও পুত্র-কন্যা। সবাই সেজেছেন বসন্তের সাজে। মেলা কেমন লাগছে জানতে চাইলে বললেন, ‘মেলায় আসব আসব করে আসা হয়ে উঠছিল না। আজ পয়লা ফাল্গুন। তার ওপর অফিস ছুটি। সুযোগ পেলাম চলে এলাম। খুব ভালো লাগছে।’
শুধু পাঠকদের মাঝেই না, আজ বসন্তের এ আগমনী ছোঁয়া লেগেছিল স্টলগুলোতেও। বিক্রয়কর্মীরাও সেজে এসেছিলেন বসন্তের রঙের সঙ্গে তাল মিলিয়ে। প্রতিটি স্টলেই ছিল বইপ্রেমীদের ভিড়।
এর মধ্যেই একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে হয়ে গেল অন্য প্রকাশ থেকে প্রকাশিত হরিশংকর জলদাসের এপিকধর্মী উপন্যাস ‘একলব্য’র প্রকাশনা উৎসব। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বইটি নিয়ে আলোচনা করেন কথাশিল্পী জ্যোতিপ্রকাশ দত্ত ও ইমদাদুল হক মিলন। স্বাগত বক্তব্য দেন অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে একসঙ্গে উন্মোচিত হলো ১৮টি বৈজ্ঞানিক কল্পকাহিনির বইয়ের মোড়ক। এর আয়োজক বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি। বইগুলোর মোড়ক উন্মোচন করেন জনপ্রিয় শিশুসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল। এ সময় আরও উপস্থিত ছিলেন জাফর ইকবালের সহধর্মিণী ইয়াসমিন হক, সময় প্রকাশনের ফরিদ আহমেদ, অন্বেষা প্রকাশনের শাহাদাত হোসেন, অনিন্দ্য প্রকাশের আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মোশতাক আহমেদ।
সকালে সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা: আজ সকাল ১০টায় অমর একুশে উদযাপন উপলক্ষে বাংলা একাডেমির মূল মঞ্চে অনুষ্ঠিত হয় শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, নাট্যজন মাসুম রেজা এবং বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অনিশা দাস, দ্বিতীয় হয়েছেন যুগ্মভাবে আনান আবরার ইসলাম ও রেজা শাওয়াল রিজওয়ান এবং তৃতীয় হয়েছেন সিরাতুল মোস্তাকিম শ্রাবণী। সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আকিবা আফরোজ রাকা, দ্বিতীয় হয়েছেন তাসফিয়া চৌধুরী এবং তৃতীয় হয়েছেন আদনান বিন আলমগীর।
বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধচর্চা: অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মেসবাহ কামাল। আলোচনায় অংশগ্রহণ করেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম এবং দিব্যদ্যুতি সরকার। সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক অধ্যাপক সনৎকুমার সাহা। অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত কবি কায়সুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী নিমাই মণ্ডল এবং তামান্না নীপা। সোহেল রহমানের পরিচালনা নৃত্য পরিবেশন করে নৃত্য সংগঠন ‘শিখর কালচারাল অর্গানাইজেশন’-এর শিল্পীরা। এ ছাড়া গান শোনায় কণ্ঠশিল্পী জিনাত রেহানা, বদরুন্নেসা ডালিয়া, শ্যামা সরকার, জয় শাহরিয়ার, পল্লব গোমেজ, রাজু আহমেদ এবং জুলি শারমিলী।