বইমেলায় শীতের সন্ধ্যায় 'এক কাপ চা'
শীতের সন্ধ্যায় গরম চায়ে চুমুক দেওয়ার তৃপ্তিই আলাদা। সঙ্গে যদি থাকে নতুন বইয়ের সংযোগ, তবে তো কথাই নেই। গতকাল বুধবার সে ব্যবস্থা ছিল বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে।
মেলায় এবার আছে নিরাপত্তার কড়াকড়ি। টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত পথে কোনো পসরা বসতে দেওয়া হয়নি, উদ্যানের ভেতরেও একই চিত্র। চা, ফুচকা, পেঁয়াজুর দোকানপাটও নেই। মেলার গ্রন্থানুরাগীদের জন্য এই চা উপভোগের আয়োজন করেছিল মুন্সিগঞ্জ থিয়েটার। উদ্যানের উন্মুক্ত মঞ্চে তারা পরিবেশন করছে পথনাটক এক কাপ চা।
গত বছর থেকে বাংলা একাডেমি তাদের প্রাঙ্গণের মূল মঞ্চের পাশাপাশি উদ্যানের উন্মুক্ত মঞ্চেও পৃথক অনুষ্ঠানের আয়োজন করছে। একাডেমি সূত্রে জানা গেল, এবার উন্মুক্ত মঞ্চে প্রতিদিন সন্ধ্যা থেকে হবে মঞ্চ ও পথনাটক। চলবে মেলার শেষ দিন পর্যন্ত। গতকাল থেকেই নাট্য মঞ্চায়ন শুরু হয়েছে।
বিকেলে দেখা গেল নাট্যকর্মীরা মঞ্চের সাজসজ্জায় ব্যতিব্যস্ত। কালো কাপড়ের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে মঞ্চ। সামনের বৃত্তাকার কংক্রিটের আসনে দর্শক উপস্থিতিও যথেষ্ট। দিলকুশায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হিসাব বিভাগের কর্মী সাখাওয়াত হোসেন মেলায় চক্কর দিয়ে এসেছেন নাটক দেখতে। বললেন, এই ব্যবস্থাটি বেশ। মেলার মধ্যেই মঞ্চ। সেখানে নাটক হচ্ছে। নতুন বইপুস্তকের খোঁজ নিতে এসে নাটক দেখার সুযোগ হলো। বই অবশ্য তিনি কেনেননি। খোঁজ নিয়েছেন কী নতুন এল।
গতকাল প্রথম দিনে দুটি ছোট মঞ্চ ও একটি পথনাটক পরিবেশিত হয়েছে এখানে। হুমায়ুন ফরিদ রচিত ও নির্দেশিত এক কাপ চা পরিবেশন করেছে মুন্সিগঞ্জ থিয়েটার। মঞ্চনাটক দুটি করেছে ঢাকার স্বনামখ্যাত দল নাট্যকেন্দ্র। মিসরের নাট্যকার আলফ্রেড ফারাগ রচিত বন্দুকযুদ্ধ এবং তৌফিক আল হাকিম রচিত গাধার হাট। দুটি নাটকই বাংলায় রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান।