বইমেলায় হাসল সূর্য, বাড়ল বিক্রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘ কেটে সূর্যে হাসির দেখা মিলল অমর একুশে গ্রন্থমেলায়। আজ বৃহস্পতিবার মেলার শুরু হয় ঝলমলে রোদে। আগের দিন মাত্র এক ঘণ্টা মেলা হওয়ায়, বিকেল তিনটা থেকেই সারিবদ্ধ হয়ে মেলায় ঢুকতে থাকেন পাঠকেরা।

সারা দিনের রোদের মধ্যে আগের দিন ভিজে যাওয়া বই শুকিয়ে নেওয়ায় ব্যস্ত দেখা গেছে অনেক স্টল ব্যবস্থাপকদের। রোদে মেলাঙ্গনের কাদা শুকিয়ে যাওয়ায় এবং আগের মতো ধুলোর উড়ো উড়ি না থাকায় স্বস্তি প্রকাশ করেন দর্শনার্থীরা। বিকেলে রোদ গায়ে মেখে পাঠকেরা স্টলে স্টলে ঘুরে সংগ্রহ করেছেন প্রিয় লেখকের বই। মেলায় আগতদের বেশির ভাগের হাতে দেখা গেছে বইভর্তি একাধিক ব্যাগ।
বৃষ্টি শেষে যখন মেলায় ক্রেতাদের আনাগোনা বাড়ছে, তখনই ঘোষণা এল মেলার সময় বাড়ানোর। তবে তা নামমাত্র। মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ প্রথম আলোকে জানালেন, কাল শুক্র ও পরদিন শনিবার পূর্বের সময় সকাল ১১টার পরিবর্তে সাড়ে ১০টায় বইমেলা শুরু হবে। শেষ হবে রাত ৮টায়। মেলার অন্য দুই দিন অর্থাৎ​ রোববার ও সোমবার বিকেল তিনটার পরিবর্তে বেলা ২টায় শুরু হয়ে শেষ হবে আগের মতো রাত ৮টা পর্যন্ত।’ সময় বাড়ানোর কারণ হিসেবে তিনি বলেন, ’বৃষ্টি এবং প্রকাশকদের দাবি, সবকিছু মিলিয়ে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’
তবে এ সিদ্ধান্ত জরুরি বৈঠক করে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। আজ সন্ধ্যায় সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, আমাদের দাবি ছিল মেলা নির্ধারিত সময়ে খুলে, রাত ৯টায় শেষ হওয়ার। কিন্তু আমাদের সঙ্গে আলোচনা না করেই একাডেমি সিদ্ধান্ত নিয়েছে। কাল শুক্রবার বিকেল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে জালাল আহমেদ বলেন, আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত দাবি আসে নি। দাবি আসার পর এ বিষয়ে আলোচনা করা হবে।
আজ বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে নারী জাগরণ : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মাসুদুজ্জামান। আলোচনায় অংশগ্রহণ করেন সুলতানা কামাল এবং মুহম্মদ শহীদ উজ জামান। সভাপতিত্ব করেন অধ্যাপক শামসুজ্জামান খান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাজিয়া জাবীন-এর পরিচালনায় ফাউন্ডার সাংস্কৃতিক সংগঠন ‘স্পর্শ’, উপেন্দ্রনাথ রায়-এর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘আরশিনগর, লালমনিরহাট’ এবং জিয়াউর রহমান-এর পরিচালনায় ‘হামিবা সাংস্কৃতিক একাডেমী’র শিল্পীবৃন্দ।