বইয়ে অভিভূত, নিদর্শন না থাকায় হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক রামনগর গ্রামে কেটেছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছেলেবেলা। সরকার আনুষ্ঠানিকভাবে গ্রামের নাম দিয়েছে মতিউর নগর। তাঁর নামেই গড়ে তোলা হয়েছে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর।এখানে গ্রন্থাগারে থাকা বইয়ে অভিভূত দর্শনার্থীরা। কিন্তু জাদুঘরে তেমন কোনো স্মৃতি-নিদর্শন না থাকায় হতাশ তারা। সম্প্রতি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্যই মিলেছে।২০০৮ সালে গড়ে তোলা হয় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। বীরশ্রেষ্ঠ মতিউরকে জানতে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসে মানুষ। গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর ভবনে প্রবেশ করতেই দৃষ্টি কাড়বে সংক্ষিপ্ত জীবন-বর্ণনাসহ বীরশ্রেষ্ঠ মতিউরের একটি বিশাল ছবি। ভেতরে কক্ষের চারপাশে বইয়ের তাকে থরে থরে সাজানো বই। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রন্থাগারে লোকজনের সরব উপস্থিতি থাকে।এখানে কথা হলো নরসিংদী সরকারি কলেজের ছাত্র এজাজ খানের সঙ্গে। তিনি বলেন, ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে এসেছি। গ্রন্থাগারে বইয়ের বিশাল সংগ্রহ দেখে অভিভূত হয়েছি। কিন্তু জাদুঘরে তেমন কিছু নেই।’ তাঁর মতে, এখানে বীরশ্রেষ্ঠ মতিউরের স্মৃতি-নিদর্শনসহ অন্য মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন রাখা যেতে পারে। এতে দর্শনার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে।গ্রন্থাগারিক আকলিমা আক্তার জানান, গ্রন্থাগারে দুই হাজার ৮০০ বই রয়েছে। প্রতিদিন গড়ে শতাধিক ব্যক্তি এখানে আসে। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতে বইয়ের সংখ্যা আরও বাড়াব।’গ্রামে বীরশ্রেষ্ঠ মতিউরের পৈতৃক বাড়িতে রয়েছে দুই চালাবিশিষ্ট টিনের ঘর। বাড়ির উঠোনে বীরশ্রেষ্ঠর নামে একটি নামফলক আছে।স্থানীয় মুসাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর এবং গ্রামের নাম পরিবর্তন করায় সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।’বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান প্রথম আলোকে বলেন, ‘মতিউর রহমান দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। গ্রামবাসী মতিউর নগর নামটি গ্রহণ করে এ দেশের সব মুক্তিযোদ্ধাকে যেন বরণ করে নিল। তবে সরকার এখনো এ ব্যাপারে গেজেট প্রকাশ না করায় প্রশাসনিকভাবে নামটি ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমরা দ্রুত এর গেজেট প্রকাশের দাবি জানাই।’বীরশ্রেষ্ঠ মতিউর ১৯৭১ সালের ২০ আগস্ট করাচির মাশরুর বিমানঘাঁটি থেকে একটি বিমান নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে ভারতে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হলে তিনি শাহাদাতবরণ করেন।