বইয়ে বুঁদ হওয়ার অন্য রকম জায়গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল বইয়ের শিশু কর্নারটি বেশ বর্ণিল। এখানে শুয়ে-বসে ইচ্ছেমতো বই পড়ে শিশুরা। ধানমন্ডি, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: প্রথম আলো
বেঙ্গল বইয়ের শিশু কর্নারটি বেশ বর্ণিল। এখানে শুয়ে-বসে ইচ্ছেমতো বই পড়ে শিশুরা। ধানমন্ডি, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: প্রথম আলো

স্কুল শেষে আয়হানের প্রথম আবদারই ছিল ফাস্ট ফুড। সাত বছরের আয়হানকে একরকম জোর করেই মা শাহানা হোসাইন বেঙ্গল বইয়ে নিয়ে আসেন। আয়হান এখন দল বেঁধে বন্ধুদের নিয়ে আসে। বইয়ের পাতা ওল্টায়, কমিকসের চরিত্র নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে। একই সঙ্গে শাহানারও পড়ার অভ্যাসটা ফিরে এসেছে।

সারাক্ষণ মোবাইল ফোনে পড়ে থাকা নিয়ে এ প্রজন্মের প্রতি অভিযোগের অন্ত নেই। বই তাকে উঠেছে। পড়তে হলে বইটাও নাকি সেই ডিজিটাল ফরম্যাটে পড়ছে। কিন্তু সম্প্রতি রাজধানীতে গড়ে ওঠা কয়েকটি বইয়ের দোকান বা পাঠাগারভিত্তিক ক্যাফে বলছে ভিন্ন কথা। সময়ের হিসাব না করে পছন্দের বই পড়ার জায়গা মিলছে। সঙ্গে কফি বা চায়ের মগে এক চুমুক।

বইয়ের বিশাল সংগ্রহ নিয়ে বাতিঘর এখন ঢাকায় চালু হয়েছে। বই কেনার পাশাপাশি পড়াও যাবে। বাংলামোটর, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: প্রথম আলো
বইয়ের বিশাল সংগ্রহ নিয়ে বাতিঘর এখন ঢাকায় চালু হয়েছে। বই কেনার পাশাপাশি পড়াও যাবে। বাংলামোটর, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: প্রথম আলো

ধানমন্ডিতে পুরোনো ২৭ নম্বরের বেঙ্গল বই গত বছরের নভেম্বরে চালু হয়। পরিবেশ, বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা ও নিশ্চিন্তে বই পড়ার সুবিধা থাকার কারণে ইতিমধ্যে এটি জনপ্রিয়তা পেয়েছে। বেঙ্গল বইয়ের অপারেশন ম্যানেজার জি এস ফারুকী বলেন, পুরোনো ফ্যাশন বা চল বারবারই ফিরে আসে। কেউ ঘুরতে আসুক বা ছবি তুলতেই আসুক, সঙ্গে করে দু-একটা বই কিনে নিচ্ছেন।

পাঠাগার বা বুকশপভিত্তিক ক্যাফে গড়ে ওঠা নিয়ে জি এস ফারুকী বলেন, ‘একটা জোয়ার শুরু হয়েছে। আমাদের এখানে যাঁরা আসেন তাঁদের মধ্যে তরুণদের সংখ্যা বেশি। আর মায়েরা বলছেন যে তাঁরা বাচ্চাদের গেম খেলা থেকে বের করতে পারছেন।’

বেঙ্গল বইয়ের তৃতীয় তলা পুরোটাই শিশুদের জন্য। গত বুধবারে দেখা যায়, স্কুল থেকে ফিরতি পথে মা-বাবারা বাচ্চাদের ছেড়ে দিয়েছেন। হেলে-দুলে, জানালার ধারে পা ছড়িয়ে বা শুয়েই ওরা বই পড়ছে। যাদের পড়ার বয়স হয়নি, তারাও পিছিয়ে নেই। কমিকসের বই নেড়েচেড়ে দেখছে। বড়রাও নিচের খোলা লনে বই নিয়ে কাটিয়ে দেন ঘণ্টার পর ঘণ্টা।

অনেকটা পুরোনো ধাঁচের। কফির সঙ্গে একটা বই নিয়ে নিশ্চিন্তে কিছুটা সময় কাটানোই যায়। নার্ডি বিন কফি হাউস, ধানমন্ডি, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: প্রথম আলো
অনেকটা পুরোনো ধাঁচের। কফির সঙ্গে একটা বই নিয়ে নিশ্চিন্তে কিছুটা সময় কাটানোই যায়। নার্ডি বিন কফি হাউস, ধানমন্ডি, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: প্রথম আলো

বেঙ্গল বইয়ে এখন বইয়ের সংখ্যা ২৭ হাজারের ওপরে। জি এস ফারুকী বলেন, প্রতিদিন এক লাখের বেশি বই বিক্রি হয়। ছুটির দিনগুলোতে তা দ্বিগুণ হয়ে যায়। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে। এ ছাড়া সাংস্কৃতিক আয়োজনও হয়।

চট্টগ্রামের বাতিঘর তার আলো ছড়াতে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে যাত্রা শুরু করেছে। ঢাকায় আসা প্রসঙ্গে বাতিঘরের ব্যবস্থাপক তারেক আবদুর রব বলেন, ‘চট্টগ্রামে যাঁরা ঘুরতে যেতেন, বাতিঘরে তাঁরা একবার ঘুরতে যাবেনই। আর ঢাকায় আমাদের অনেক কাস্টমার। সেই চাহিদার কথা মাথায় রেখেই এখানে আসা।’

লালবাগ কেল্লার আদলে গড়া এই বাতিঘরে আছে ১০ হাজার লেখকের লক্ষাধিক বই। ৬০টি কর্নারে বইগুলো সাজানো। সম্প্রতি এক সন্ধ্যায় দেখা যায়, পাঠকেরা পছন্দমতো বই নিয়ে পড়ছেন। কেউ কেউ ঘুরে দেখছেন। আর হাতভর্তি বইসহ কাউন্টারে লাইনও আছে। পড়ার জন্য একপাশে বসার ব্যবস্থা করা হয়েছে। ৪০ জন বসে পড়তে পারবেন। মুঘল আমলের চায়ের কাপের মতো দেখতে একটি ক্যাফে কর্নার রয়েছে। পড়তে পড়তে একটু চা-কফিতেও চুমুক দেওয়া যাবে। আছে এক চিলতে বারান্দাও।

সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। তবে সব ছাপিয়ে বইয়ের বিশাল সংগ্রহ নিয়ে বাতিঘর চালু হওয়াতে পাঠক বেশ সন্তুষ্ট। সরকারি চাকরি থেকে অবসর নেওয়া মোশাররফ হোসেন বইয়ের খোঁজ পেলেই ছোটেন। ইতিহাসবিষয়ক বই খুঁজতে খুঁজতে বলেন, ‘এটা ভালো হয়েছে। একটু ধীরে-সুস্থে বই নেড়েচেড়ে কেনা যাবে। আমাদের মতো বয়স্কদের জন্য এ ধরনের জায়গা দরকার ছিল।’

বেঙ্গল বইয়ে প্রাকৃতিক আবহও পাওয়া যাবে। ধানমন্ডি, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: প্রথম আলো
বেঙ্গল বইয়ে প্রাকৃতিক আবহও পাওয়া যাবে। ধানমন্ডি, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: প্রথম আলো

ধানমন্ডি ২ নম্বর সড়কে গত ডিসেম্বরে চালু হয় নার্ডি বিন কফি হাউস। দেড় হাজার বই আছে এদের সংগ্রহে। ভেতরে বসার ব্যবস্থা ও সাজানোর ধরন দেখে ব্রিটিশদের সংস্কৃতির একটা আবহ পাওয়া যায়। এর অন্যতম প্রতিষ্ঠাতা ফারিয়া মাহজাবিন বলেন, এখানে বই বিক্রি হয় না। বসে যে কেউ পড়তে পারবেন। আর এ মাসেই চালু হবে মেম্বারশিপ কার্ড। এর মাধ্যমে বই ধার নিয়ে পড়া যাবে। এখানে যে কেউ বই দিতেও পারবে। কিছুদিন আগে এক সকালে চোখে পড়ল কয়েকজন বসে কফি খাচ্ছেন। কারও কারও টেবিলে বইও আছে। সাকিব আহমেদ ঘুরে ঘুরে বই দেখছেন। তিনি বলেন, ‘আমাদের প্রজন্ম প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এরপরও বইয়ের আগ্রহ কিন্তু কম না।’

গত বছরই এলিফ্যান্ট রোডে চালু হয় দীপনপুর। পড়তে চাইলে এখানে যাওয়া যাবে। শিশুদের জন্যও আছে আলাদা ব্যবস্থা। ঘুরে বই কেনার আরেকটি জায়গা পাঠক সমাবেশ তো আছেই। তবে এখানে বসে বই পড়তে হলে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে তাদের সদস্য হতে হবে।

ছবি তোলার জন্য বা চেক ইন দেওয়ার জন্য, যা-ই হোক। অনেকেই বলছেন, অন্তত বই তো হাতে উঠছে। মা-বাবার আশা এতেই হয়তো পড়ার অভ্যাস গড়ে উঠবে।