বইয়ে ভুলের অযোগ্যতা ক্ষমা করার মতো নয়: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চলতি শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ভুলভ্রান্তির বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মানুষের ভুলত্রুটি হতেই পারে। তবে কিছু ভুল হওয়া উচিত ছিল না। এই ভুলের জন্য তাঁদের বিচার হওয়া উচিত। যাঁরা ভুল করেছেন, তাঁরা রেহাই পাওয়ার যোগ্য নন। এই ভুলের অযোগ্যতা ক্ষমা করার মতো নয়।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করেছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর ভুল সংশোধনসহ অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
এ বছরের পাঠ্যবইয়ে বিভিন্ন ভুলভ্রান্তি হয়েছে। কিছু আলোচিত গল্প-কবিতা বাদ পড়েছে। এসব নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে গত সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ লানা হুমায়রা খানকে ওএসডি করা হয়েছে। গতকাল এনসিটিবির আর্টিস্ট কাম ডিজাইনার সুজাউল আবেদীনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে তাঁকে ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
পাঠ্যবইয়ের ভুলগুলো শুদ্ধ করার এখনো সময় আছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘কিছু ভুল থাকতে পারে ছাপার ভুল, যেগুলো আমরা সংশোধনী দিয়ে সবাইকে জানিয়ে দিতে পারি। কিছু ভুল থাকতে পারে বড় ধরনের ভুল, যেটা সংশোধন করে ওই জায়গায় রিপ্লেস করতে পারি। কিছু ভুল থাকতে পারে যেগুলো থাকা উচিত ছিল না, সেগুলো বাদ দেওয়ার জন্য সরকারের নির্দেশ পাঠিয়ে দেব। ওই পাতাগুলো আমরা ছিঁড়ে নেব বা ব্লক করে দেব—এভাবে অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’
শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কিছু না করার অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বা প্রশ্নের মুখোমুখি হচ্ছি, ভুলের জন্য আমাদের বিচার হওয়া উচিত, সেটা ভিন্ন কথা। কিন্তু ছেলেমেয়েদের উৎসাহিত করার নৈতিক দায়িত্ব আমাদের সকলের। যেটা তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে সেটা করা উচিত না।’
নুরুল ইসলাম নাহিদ বলেন, পাঠ্যবইয়ে ভুলের জন্য কে বেশি দায়ী, আর কে কম দায়ী, সেটা তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কয়েকটি ভুলের উদাহরণ দিয়ে তিনি বলেন, যিনি সম্পাদনা করেছেন তাঁর এটা দেখা উচিত ছিল, এই বিষয়টাকে ক্ষমা করা যায় না। আদর্শ ছেলে (তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে) কবিতায় যে ভুল হয়েছে তা গ্রহণযোগ্য হতে পারে না।
পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় বাদ ও সংযোজন করার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কৃষ্টি-কালচার, দেশ, জাতি, মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সবকিছু বিবেচনায় রেখেই তৈরি করতে হয়। তাতে কোনো সময় পাল্লা এদিক-ওদিক হতেই পারে, সমালোচনা থাকতে পারে। তবে সেগুলোও বিবেচনায় নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইনসহ অন্য কর্মকর্তারা।