বইয়ে 'সাম্প্রদায়িকতা'র প্রতিবাদে আন্দোলনে প্রগতিশীল গণসংগঠনগুলো
পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্ত এবং গুরুত্বপূর্ণ ও প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়াসহ নানা অসংগতির প্রতিবাদে ১৫ জানুয়ারি এনসিটিবির সামনে বিক্ষুব্ধ অবস্থান সমাবেশ কর্মসূচি পালন করবে প্রগতিশীল গণসংগঠনগুলো। একই দিনে দেশের প্রতিটি জেলা শিক্ষা কর্মকর্তার সামনে একই কর্মসূচি পালন করা হবে।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। প্রগতিশীল গণসংগঠনগুলোর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার। এতে বলা হয়, ২০১৭ সালের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া পাঠ্যপুস্তকের ঝকঝকে মলাটের ভেতরে বীভৎস মৌলবাদী পরিকল্পনায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সম্প্রদায়গত, জাতিগত ও নারী-পুরুষের বৈষম্য। সরকার একদিকে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও পাঠ্যপুস্তকে জঙ্গিবাদের সুপ্ত উপাদান ঢুকিয়ে দিচ্ছে। এই পাঠ্যপুস্তকগুলোতে পাকিস্তানি দর্শন প্রতিফলিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়ার তীব্র নিন্দা জানানো হয়। এ ছাড়া মলাটের পেছনে দলীয় চাটুকারিতার নির্লজ্জ নজির রেখে পাঠ্যপুস্তকে দলীয় প্রচারপত্র বানানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যপুস্তক প্রত্যাহার, বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে পাঠ্যপুস্তক প্রণয়ন, প্রগতিশীল লেখকদের লেখা সংযোজন করা, সাম্প্রদায়িক ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার এবং এসবের সঙ্গে সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ আট দফা দাবি জানানো হয়। সরকার এসব বিষয়ে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উদীচীর সভাপতি সফিউদ্দিন আহমদ, রণেশ দাশগুপ্ত, চলচ্চিত্র সংসদের সভাপতি চলচ্চিত্রকার মশিউদ্দিন শাকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন চিত্রশিল্পী মতলুব আলী, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, প্রগতি লেখক সংঘের সংগঠক কবি সাখাওয়াত টিপু, ভাস্কর রাসা, প্রকাশক রবীন আহসান, উদীচীর সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী প্রমুখ।