বইয়ের আবেদন কখনো শেষ হবে না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমিতে প্রকাশনা উৎ​সব অনুষ্ঠানে শিশুদের জন্য নতুন চারটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী l প্রথম আলো
বাংলা একাডেমিতে প্রকাশনা উৎ​সব অনুষ্ঠানে শিশুদের জন্য নতুন চারটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী l প্রথম আলো

‘দেশের সত্যিকারের উন্নয়নের লক্ষ্যে সাহিত্য-সংস্কৃতি চর্চার পাশাপাশি নতুন প্রজন্মের চারিত্রিক গুণাবলির উন্নয়ন ঘটাতে হবে এবং আমাদের শিশুদের গ্রন্থমনস্ক করে গড়ে তুলতে হবে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, মনন ও শিল্প-সাহিত্যের উন্নয়ন ঘটাতে হবে।’
প্রকাশনা সংস্থা চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত ছোটদের ‘আনন্দ বার্ষিকী’ শিরোনামে শিশুদের চারটি সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত চারটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচনে অর্থমন্ত্রী তাঁর ছেলেবেলার কথা স্মরণ করে বলেন, নতুন বই ছুঁয়ে দেখতে, গন্ধ নিতে তখনো ভালো লাগত, এখনো লাগে। কম্পিউটার আসার পর অনেকেই ভেবেছিল ছাপার বই হারিয়ে যাবে। পড়াশোনা হয়তো কম্পিউটারেই করতে হবে। কিন্তু সেই আক্রমণ থেকে বই বেঁচে গেছে। বইয়ের আবেদন কখনো শেষ হবে না।
শিশুদের সুকুমার বৃত্তির বিকাশে চন্দ্রাবতী একাডেমি প্রকাশ করেছে কথার ঝাঁপি, সাতসকাল, আজ ছুটিবার ও অনেক আকাশ নামে ‘আনন্দ বার্ষিকী’ শীর্ষক চারটি সংকলন।
গতকাল শনিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই শিশুতোষ সংকলনগুলোর মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চিত্রশিল্পী হাশেম খান ও রফিকুন নবী এবং এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন চন্দ্রাবতীর নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমাদের শিশুরা যেসব পাঠ্যবই ব্যবহার করছে, তার মালিন্য আমাদের কষ্ট দেয়। সেসব বইয়ের কাগজ, ছাপার মান, ছবির মান বেশ পীড়াদায়ক। সে ক্ষেত্রে চন্দ্রাবতীর শিশু সংকলন বেশ পরিশীলিত।’
অনুষ্ঠানে জানানো হয়, শিশুসাহিত্য প্রকাশের ২০০ বছর উপলক্ষে চন্দ্রাবতী আগামী দুই বছরে ২০০ বই প্রকাশ করবে। এ জন্য চন্দ্রাবতী সবার কাছে শিশুতোষ লেখা আহ্বান করছে।