বইয়ের জন্য প্রাণ কাঁদছে বৃষ্টির

ছোট্ট বৃষ্টির কথা শুনলে মনে হবে আগে থেকে কেউ তাকে সব শিখিয়ে দিয়েছে। শুদ্ধ বাংলায় গুছিয়ে কথা বলতে পারা এই শিশুর পরিবারের ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্রে। রাঙামাটি শহরের ভেদভেদী শিমুলতলী এলাকায় মঙ্গলবার সকালেও তাদের ঘর ছিল। পাহাড়ধসে সেই ঘর মাটিতে মিশে গেছে। পরিবার সবকিছু হারালেও বৃষ্টির প্রাণ কাঁদছে বইয়ের জন্য।
রাঙামাটি শহরের টেলিভিশন সম্প্রচারকেন্দ্রে আশ্রয় নেওয়া অসহায় মানুষের জন্য বৃহস্পতিবার রাতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ নিয়ে যান বন্ধুসভার সদস্যরা। বন্ধুসভার সদস্যদের কাছে পেয়ে বই-খাতা চেয়ে বসে শিশুটি। ‘আমার সব বই ঘরের সঙ্গে চলে গেছে। আমার ত্রাণ লাগবে না। আমাকে বই-খাতা দেন। আমি আবার পড়তে চাই’—এই আকুতি ছিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আক্তারের।
বৃষ্টি শহরের ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে। বৃষ্টির মতো রাঙামাটির অনেক শিশুই বই-খাতা হারিয়েছে। গতকাল শুক্রবার সকালে টেলিভিশন ভবনের আশ্রয়কেন্দ্রে বৃষ্টির সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। বৃষ্টি বলে, ক্লাসে তার রোল নম্বর ১০। বই-খাতা নষ্ট হয়ে যাওয়ায় তার খুব খারাপ লাগছে। তার পড়তে ভালো লাগে।
বৃষ্টির মা নাসরিন বেগমও আশ্রয়কেন্দ্রে রয়েছেন। বৃষ্টির বাবা দিনমজুর। আশ্রয়কেন্দ্রে বৃষ্টির ছোট বোনও রয়েছে। সে এখনো স্কুলে ভর্তি হয়নি।
নাসরিন আক্তার বলেন, ‘বাড়িঘর থেকে কোনোরকমে প্রাণ নিয়ে বের হয়ে এসেছি। কিন্তু মেয়ে তো অতশত বোঝে না। বইয়ের জন্য কেবল হা-হুতাশ করছে।’ মঙ্গলবার রাত থেকে এই আশ্রয়কেন্দ্রে অন্তত ১০০ মানুষ রয়েছে।
বৃষ্টির মতো বইপত্র নষ্ট হয়ে গেছে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলামের। ভেদভেদী নতুনপাড়ার বাসিন্দা তারা। রাকিবুল তার মা-বাবা ও ভাইবোনের সঙ্গে এখন রয়েছে ভেদভেদী এলাকার বেতার ভবনের আশ্রয়কেন্দ্রে। এখানে প্রায় ৮০ জন আশ্রয় নিয়েছে।
রাকিবুল বলে, ‘ঘর থেকে বের হওয়ার সময় বই-খাতা আনিনি। পরে শুনি ঘরটি তলিয়ে গেছে।’ ঘরের পাশাপাশি রাকিবুলদের তিনটি ছাগলও পাহাড়চাপায় মারা গেছে বলে জানান তার বাবা মো. মুজিবুল ইসলাম। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার আর কিছু নেই। তিনটি ছাগল, ঘর সব গেছে। ছেলের বইপত্রও নষ্ট হয়ে গেছে।’