
‘মঈদুল হাসানের উপধারা একাত্তর: মার্চ-এপ্রিল আছে?’ ‘আমীন আহম্মেদ চৌধুরীর বই...কী যেন নাম...ওহ্ হ্যাঁ মনে পড়েছে, ১৯৭১ ও আমার সামরিক জীবন—এক কপি দেন তো।’ প্রথমা প্রকাশনের সামনে দাঁড়িয়ে প্রায় একই সঙ্গে যে দুজন ক্রেতা উপরোক্ত দুটি বইয়ের তালাশে ব্যস্ত, এঁদের মধ্যে প্রথমজন বয়সে তরুণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাসান; অন্যজন একসময় পড়তেন একই বিশ্ববিদ্যালয়ে—মোস্তাফিজুর রহমান নামের মধ্যবয়সী এই মানুষটি পেশায় ব্যবসায়ী।

গতকাল বিকেলে অমর একুশে বইমেলায় প্রথমা প্রকাশনের স্টলের সামনে যখন ক্রেতাদের এসব কথা শোনা যাচ্ছে, ঠিক এর কাছাকাছি সময়ে সোহরাওয়ার্দী উদ্যানের অন্য প্রান্তে ঐতিহ্যর স্টলের সামনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের অনুবাদের বই উল্টেপাল্টে দেখছেন মো. নাজমুল হাসান নামে এক যুবক। বিক্রয়কর্মীদের কাছে তাঁর জিজ্ঞাসা, ‘ভালো অনুবাদের বই কী আছে?’
বিকেলবেলা সোহরাওয়ার্দী উদ্যানটিকে তখনো লোকে লোকারণ্য বলা যাবে না; কিন্তু শীতের শেষ দিকের বাসন্তী হাওয়ার রেশ গায়ে মেখে এর মধ্যেই আসতে শুরু করেছে মানুষ। বুঝি, বইয়ের বসন্ত আসছে। এদের মধ্যে তরুণ-তরুণীর সংখ্যাই বেশি। নানা রকম বই নেড়েচেড়ে দেখছেন তাঁরা। অনেকেই এ বছর প্রথমবারের মতো এসেছেন মেলায়। জিজ্ঞেস করতেই বললেন, ‘এখন দেখার সময়। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখব, বই পছন্দ করব, তারপর কিনব।’
বইমেলায় এখন কি তবে চলছে ‘দেখার সময়’?
ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষে আছে নানা রকম উত্তর। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ছাত্র ইমরান হোসেন যেমন বললেন, ‘শুধুই দেখব এমন নয়, পছন্দ হলে কিনতেও তো পারি।’ আবার সময় প্রকাশনের বিক্রয়কর্মী মো. আরিফ জানালেন, ‘আজ (গতকাল) তো মেলার অষ্টম দিন। ১০ তারিখের পর থেকে শুরু হবে মূল বিক্রিবাট্টা। অধিকাংশ ক্রেতাই এখন বই পছন্দ করছেন। পরে একসঙ্গে কিনবেন।’ অন্যদিকে ভিন্ন কথা শোনা গেল কবি সোহরাব পাশার কণ্ঠে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসিন্দা এই কবি মেলা উপলক্ষে কদিন আগেই এসেছেন ঢাকায়। দুই দিন ধরে ঘুরেছেন বিভিন্ন স্টলে। বললেন, ‘এ সময় লোকজনের ভিড়ভাট্টা অপেক্ষাকৃত কম থাকে। দেখেশুনে বই কেনার জন্য এটাই ভালো সময়। তবে

শেষ দিকে আমি আবারও মেলায় আসব।’ একই সুর ধ্বনিত হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের দুই শিক্ষার্থীর কথায়ও, ‘পত্রিকার বিজ্ঞাপন দেখে যে বইগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কিনেছি।’ নাইয়ারা নূর ও আসিফ হাসান নামের এ দুই বন্ধুর হাতে ব্যাগভর্তি বই। তাঁদের শেষ কথা হলো, ‘এখন বেশ আরাম করে ঘুরে ঘুরে বই কিনতে পারছি।’
এবার বইয়ের বিক্রির ব্যাপারে লেখক-প্রকাশক সবাই বেশ আশাবাদী। মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমেদ মাহমুদুল হক বললেন, ‘গতবারের তুলনায় এখন পর্যন্ত পরিস্থিতি বেশ ভালো। বিক্রিও সন্তোষজনক। আশার কথা হলো, কয়েক বছর ধরে গল্প-উপন্যাসের পাশাপাশি বিষয়ভিত্তিক বই তথা প্রবন্ধ, গবেষণা, আত্মজীবনী, ইতিহাস এবং রাজনীতি ও মুক্তিযুদ্ধভিত্তিক বইয়ের বিক্রি বেড়েছে। এগুলো শুভ লক্ষণ।’

গতকাল আহমেদ মাহমুদুল হকের কথার সত্যতাও মিলল হাতেনাতে। প্রথমা, মাওলা, কথাপ্রকাশসহ আরও কিছু স্টল ঘুরে দেখা গেল যে আত্মজীবনী, সামাজিক ও রাজনৈতিক ইতিহাস এবং মুক্তিযুদ্ধভিত্তিক বই কিনতে ভিড় করছেন অনেক পাঠক। প্রথমার সামনে দাঁড়িয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক পাঠক বললেন, ‘বাংলাদেশের উত্থান-পতনময় রাজনৈতিক ঘটনার সাক্ষীদের অনেকেই এখন বই লিখছেন। এ বইগুলো ফিকশনের মতোই চমকপ্রদ।’
‘বইমেলায় কোন ধরনের বইয়ের কাটতি বেশি’—এ-জাতীয় প্রশ্নে কোনো এক শ্রেণির বইয়ের কথা শোনা যাচ্ছে না এবার। প্রথমা প্রকাশনের বিক্রয়কর্মী মো. ইউসুফ বললেন, ‘কোনো নির্দিষ্ট শ্রেণির বইয়ের চেয়ে এবার বেড়েছে বিভিন্নমুখী বইয়ের বিক্রি। এর মধ্যে গল্প-উপন্যাসের সঙ্গে সঙ্গে আমাদের এখানে আত্মজীবনী ও মুক্তিযুদ্ধকেন্দ্রিক বইয়ের ক্রেতাও নেহাত কম নয়।’
মেলায় নতুন বই ও অনুষ্ঠান: মেলায় গতকাল নতুন বই এসেছে ৭৫টি। মোড়ক উন্মোচন করা হয়েছে ৬টির। এর মধ্যে গল্প ২, উপন্যাস ১৯, প্রবন্ধ ৫, কবিতা ১৫, গবেষণা ২, শিশুসাহিত্য ৭, জীবনী ৩, মুক্তিযুদ্ধ ১, বিজ্ঞান ২, ভ্রমণ ২, ইতিহাস ৩, রম্য/ধাঁধা ২ ও অন্যান্য বিষয়ের ওপর বই এসেছে ১২টি।
বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলা একাডেমির হীরকজয়ন্তী: পাঠ্যপুস্তক রচনা, অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সুব্রত বড়ুয়া। আলোচনায় অংশ নেন রতন সিদ্দিকী, মলয় ভৌমিক ও নূরুন্নাহার মুক্তা। সভাপতিত্ব করেন অধ্যাপক অজয় রায়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রবীর সরদারের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’-এর শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা, ইয়াকুব আলী খান, ইয়াসমিন মুশতারী, লীনা তাপসী খান, সুমন মজুমদার এবং বিজন চন্দ্র মিস্ত্রী।