চলতি শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবইয়ে ভুলের জন্য দায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সাত কর্মকর্তার মধ্যে একজনকে আজ মঙ্গলবার সরিয়ে ঢাকার মধ্যেই বদলি করা হয়েছে। তিনি হলেন এনসিটিবির গবেষণা কর্মকর্তা রেবেকা সুলতানা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই প্রভাষককে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ষষ্ঠ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে আরবি বানান ভুলের জন্য এই কর্মকর্তাকে দায়ী করেছিল ভুল তদন্তে করা সরকারের কমিটি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলেছিলেন, দায়ী কর্মকর্তাদের সরিয়ে বিভাগীয় মামলা করা হবে। কিন্তু ঢাকার মধ্যে বদলিকে শাস্তি হিসেবে দেখছেন না এনসিটিবির কর্মকর্তারা।
দায়ী বাকি কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, কেউ কম দায়ী, কেউ বেশি দায়ী। এখন সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। কারও কারও বিরুদ্ধে নোটিশ দিয়ে আইনানুগ ব্যবস্থাও (বিভাগীয় মামলা) নেওয়া হবে।
তবে মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, বাকিদেরও এনসিটিবি থেকে সরিয়ে দেওয়া হবে।
তদন্ত কমিটি পাঠ্যবইয়ে ভুলের জন্য অন্য যেসব কর্মকর্তাকে দায়ী করেছিল, তাঁদের মধ্যে রয়েছেন এনসিটিবির সদস্য (প্রাথমিক) অধ্যাপক মো. আবদুল মান্নান সরকার, বিশেষজ্ঞ লানা হুমায়রা খান, এনসিটিবির সম্পাদক গৌরাঙ্গ লাল সরকার, প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার, মোসলেহ উদ্দিন সরকার ও হাননান সরকার। এর মধ্যে প্রীতিশ কুমার সরকার ও লানা হুমায়রা খানকে ইতিমধ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
অন্যদিকে এনসিটিবির সচিব ইমরুল হাসানকে আজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে। তাঁকে অবিলম্বে বদলির সুপারিশ করেছিল তদন্ত কমিটি। তবে তাঁকে ভুলের জন্য নয়, অন্য অভিযোগের কথা উল্লেখ করে বদলি করতে বলেছিল কমিটি। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক নিজামুল করিমকে।
চলতি শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি নিয়ে গত জানুয়ারিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। এই কমিটি শুধু ভুলের বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়।