বইয়ের লাগি বিবাগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫১ সাল! মাতৃভাষার জন্য দামাল ছেলেরা নেমেছে রাজপথে। নওগাঁর নিভৃত পল্লির এক তরুণও ছিলেন সেই দলে। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগানে স্লোগানে প্রকম্পিত ঢাকার অলিগলি। হঠাৎ মায়ের মৃত্যুর খবর। আন্দোলনের মাঝপথে সেই তরুণ ফেরেন বাড়ি। মিছিল-মিটিংয়ের সেখানেই ইতি। একবুক শূন্যতা তাঁর বুকে। তত দিনে সালাম, বরকত, রফিকের রক্তে রঞ্জিত ঢাকার রাজপথ। সবার অগোচরে এবার সেই তরুণ নামেন পথে। বই জোগাড় করতে। পাঠাগার গড়ে তোলার স্বপ্নে বিভোর মানুষটি ছুটে চলেন। অবশেষে তাঁর সেই স্বপ্ন ধরা দেয়। ছয় দশকের চেষ্টায় অজপাড়াগাঁয়ে ২১ হাজার বইয়ের বিরাট এক পাঠাগার দাঁড় করান তিনি।স্বাপ্নিক সেই তরুণ আজ বয়সের ভারে ন্যুব্জ এক অশীতিপর। পাঠাগার তিনি গড়েছেন ঠিকই। কিন্তু জীবন থেকেও হারিয়েছেন অনেক। বই জোগাড় করতে গিয়ে একে একে চাকরি, ব্যবসা, জমিজমা খুইয়েছেন। বিরাগভাজন হয়েছেন প্রিয়জনের। পরম বন্ধুও হয়েছেন কারও কারও। বইপাগল এই মানুষটির নাম মোশাররফ হোসেন চৌধূরী। বাড়ি তাঁর নওগাঁর বদলগাছি উপজেলার ভাতশাইল গ্রামে। এখানেই তিনি ভাতশাইল প্রগতি সংঘ নামের পাঠাগারটি গড়ে তুলেছেন। আশপাশের দশ গাঁয়ের মানুষ এখানে পড়তে আসে।আর্থিকভাবে মোটেই সচ্ছল বলা যাবে না মোশাররফকে। জন্মেছিলেন নিম্ন-মধ্যবিত্ত কৃষক পরিবারে। ছাত্রাবস্থাতেই বই পড়া ও সংগ্রহ করা তাঁর কাছে নেশার মতো ছিল। ১৯৫০ সালে ম্যাট্রিক পাসের পর ভর্তি হন ঢাকার জগন্নাথ কলেজে। চাচাতো ভাই সাহিত্যিক তালিম হোসেন চৌধূরীর বাসায় থেকে পড়াশোনা করতেন। তালিম হোসেনের ছিল বিশাল পারিবারিক পাঠাগার। ঢাকার নামীদামি কবি-সাহিত্যিকেরা আসতেন তাঁর পাঠাগারে। মোশাররফকে সঙ্গে নিয়ে তালিম হোসেন যেতেন কবি-সাহিত্যিকদের বাসায়। সেখানে তিনি দেখতেন বড় বড় পাঠাগার। সেই থেকে পাঠাগার গড়ার সুপ্ত বাসনাটা মাথায় ঢোকে। তখনকার সময় তিনি বাংলা একাডেমীর সদস্য ছিলেন। হাতে টাকা পেলেই কিনতেন বই, পড়তেনও প্রচুর।পরের বছরই ভাষা আন্দোলনে যোগ দেন। ‘ঢাকায় পড়ার সময় ভাষা আন্দোলন শুরু হয়। অন্যান্য ছাত্রের সঙ্গে আমিও জড়িয়ে পড়ি তাতে। যোগ দিই মিছিল-মিটিংয়ে।’ স্মৃতি হাতড়ে চলেন মোশাররফ। ভাষা আন্দোলনের সঙ্গে পাঠাগার তৈরির কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পাঠাগার তৈরিতে অবশ্যই ভাষা আন্দোলনের অনুপ্রেরণা রয়েছে।’ওই বছরই স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন মোশাররফ। বই সংগ্রহের এক ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় কমিটির সঙ্গে বিরোধ দেখা দেয়। চাকরি ছেড়ে দেন। শুরু করেন কাপড়ের ব্যবসা। বই সংগ্রহের নেশায় ব্যবসাও লাটে ওঠে। এসব নিয়ে স্ত্রী রিজিয়া খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো।অবশ্য মোশাররফের ছোট ভাই ইউপি সদস্য রেজা চৌধূরী বললেন ভিন্ন কথা। তিনি জানান, পাঠাগারটি নিয়ে তাঁদের পরিবারের সবাই গর্ব করেন। তাঁর ভাই দিন-রাত পাঠাগারটি নিয়েই থাকেন। তিনি এলাকার মানুষজনকে বই পড়তে উৎসাহ দেন।মাটির দেয়াল ও টিনের ছাউনির ছোট্ট সেই পাঠাগারটি ঘিরে মানুষের ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। একসময় আরও জায়গার দরকার পড়ে। সাহায্যের হাত বাড়িয়ে দেন চাচাতো ভাই আবদুল মতিন চৌধূরী। পাঠাগারের জন্য ১৫ শতাংশ জমি দেন তিনি। সে জায়গাতেই পাঠাগারটি আছে এখন। তবে আরও বৃহৎ কলেবরে। আধা পাকা ঘরটি এখন ৫০ ফুট দীর্ঘ। আছে চারটি কক্ষ, ৫২টি স্টিল ও কাঠের আলমারি। নিজের টাকা, জেলা পরিষদ ও এলাকার কয়েকজনের সহায়তায় আলমারিগুলো কিনেছেন মোশাররফ। থরে থরে সাজিয়ে রেখেছেন হাজার হাজার বই। রেজিস্ট্রার ঘেঁটে সংখ্যাটাও বললেন, ‘২১ হাজার’। এর মধ্যে রয়েছে দুর্লভ কিছু পাণ্ডুলিপি, গল্প, কবিতা ও উপন্যাস। আরও রয়েছে হাতে লেখা কোরআন শরিফ, তালপাতার ওপর লেখা পুঁথি, কবিতা ও গল্পের মূল্যবান প্রায় ১৩০টি বই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও গবেষণার কাজে বই নেন এখান থেকে।নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটু আনমনা হন মানুষটি। কিছুক্ষণ চুপ থাকার পর নিজেই নীরবতা ভাঙেন। দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ‘বই সংগ্রহ করতে গিয়ে নিজের জমিজমা বিক্রি করে ফেলি। শ্বশুরবাড়িতে স্ত্রীর ছিল প্রচুর জমি। বই কেনার নেশায় একপর্যায়ে স্ত্রীর জমিও বিক্রি করে ফেলি। এই ঘটনা শুনে রিজিয়া সেবার বাবার বাড়ি চলে গিয়েছিল। পরে অবশ্য অভিমান ভুলে সে ফিরেছে।’মোশাররফের পাঠাগারের পাশে রয়েছে ভাতশাইল দ্বিমুখী উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের কয়েক শ ছাত্রছাত্রী প্রতিদিন বই পড়ার জন্য আসে এখানে। বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তানজিলা ও সানজিদা জানায়, সময় পেলেই তারা এখানে আসে। পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, কবিতার বই পড়ে। ভাতশাইল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিভূতি চন্দ্র বলেন, ‘পাঠাগারটি এই এলাকায় অন্ধকারে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। প্রতিদিন অসংখ্য জ্ঞানপিপাসু পাঠক ছুটে আসে এই পাঠাগারে। মোশাররফ হোসেন এই এলাকার মানুষের কাছে আদর্শ ও গর্ব।’৮২ বছর বয়সেও চশমা পরেন না মোশাররফ। সকালে পাঠাগার খুলে কিছুক্ষণ ঝাড়া-মোছার কাজ করেন। তারপর একটি ছেলেকে দেখভালের দায়িত্ব দিয়ে নিজে বেরিয়ে পড়েন। মাইলের পর মাইল, গ্রামের পর গ্রাম দিনমান হাঁটেন মোশাররফ, একটিমাত্র বইয়ের তরে।