বইয়ের সংকটে পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় চাহিদা অনুযায়ী পাঠ্যবই সরবরাহ করতে না পারায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। ২ জানুয়ারি সারা দেশে বই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হলেও এ উপজেলায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অনেক শিক্ষার্থী বই পায়নি।
বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানেরা জানান, বিদ্যালয়গুলোতে বই সরবরাহ কিছুটা কম হলেও দাখিল মাদ্রাসার কয়েকটি শ্রেণীর কোনো বই আসেনি। বই না পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে।
গত সোমবার সরেজমিনে উপজেলার কয়েকটি বিদ্যালয় ও মাদ্রাসায় খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সব শ্রেণীর সবগুলো বই পৌঁছায়নি। প্রত্যেক শ্রেণীর দুই থেকে চারটি পর্যন্ত বই কম এসেছে। উপজেলার অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক কাজেম উদ্দীন জানান, তাঁর মাদ্রাসায় পঞ্চম, সপ্তম এবং অষ্টম শ্রেণীর একটি বইও আসেনি। বইয়ের জন্য উপেজলা ও জেলা শিক্ষা কার্যালয়ে যোগাযোগ করলে তাঁরা ঢাকা থেকে বই এসে পৌঁছায়নি বলে জানান।
সান্তাহার বিপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানউল্লাহ জানান, তাঁর বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী বই আসেনি। এ কারণে যে পরিমাণ বই পাওয়া গেছে তাই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। একই অবস্থা উপজেলার অন্য বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতেও।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনোয়ারুল ইসলাম বলেন, প্রয়োজনীয় বই না আসায় বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে চাহিদা অনুযায়ী বই সরবরাহ করা সম্ভব হয়নি।
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম জানান, হরতাল ও অবরোধের কারণে প্রয়োজনীয় বই না পাওয়ায় চাহিদা থাকা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই সরবরাহ করা সম্ভব হয়নি। ঢাকা থেকে বই তাঁর দপ্তরে আসা মাত্র দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।