বইয়ের সঙ্গে আর চট আনতে হবে না তাদের
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী বই, খাতা, কলমের সঙ্গে প্রতিদিন বস্তা, চট ও খবরের কাগজ নিয়ে বিদ্যালয়ে হাজির হতো। খোলা আকাশের নিচে মাটিতে চট আর কাগজ বিছিয়ে জ্ঞানার্জন করছিল শিশুরা। প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হলে ঘটনাটি শিক্ষা অধিদপ্তরের নজরে আসে। গত ৯ এপ্রিল ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ২৪ ফুট দৈর্ঘ্য ও সাড়ে নয় ফুট প্রস্থ টিনের দোচালা তৈরি করে দেওয়া হয়। শিক্ষার্থী বাবুল, ময়না, সন্ধ্যা ও সোহেল জানায়, বইয়ের সঙ্গে চট আনতে তাদের লজ্জা লাগত। এখন শুধু বই নিয়ে স্কুলে আসতে পেরে তারা আনন্দিত। উপজেলা প্রকৌশলী মো. আজাহারুল ইসলাম জানান, ওই বিদ্যালয়ের জন্য দোতলা একটি ভবনের প্রস্তাব পাঠানো হয়েছে। তারাকান্দি স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন পর হলেও তাঁর স্কুলের বেহাল অবস্থা কিছুটা লাঘব হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর চৌধুরী জানান, বর্ষায় যাতে শিশুদের কষ্ট না হয়, তাই আপাতত একটি ব্যবস্থা করা হয়েছে। আগামী অর্থবছরে উপজেলা থেকে ওই স্কুলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহান আরা জানান, একটি নতুন ভবন করে দেওয়ার জন্য প্রশাসনের উচ্চপর্যায়ে আবেদন করা হয়েছে।