বউ নিতে এসে তিন দিন ধরে আটক ৩৫ বরযাত্রী
নীলফামারীর জলঢাকা উপজেলায় বউ নিতে আসা বরসহ ৩৫ জন বরযাত্রীকে কনের বাড়ির লোকজন তিন দিন ধরে আটকে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
ঘটনাটি ঘটেছে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভবনচুর গ্রামের মহরমপাড়ায়৷
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলেও মুখ খুলছে না এলাকাবাসী। পুলিশ বলছে, ঘটনাটি জানলেও অভিযোগ না থাকায় তারা সেখানে যায়নি। এলাকাবাসী ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এর সত্যতা নিশ্চিত হলেও মূল কারণ জানা যায়নি।
এলাকাবাসী জানান, ১২ জুন নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের কাকিনা চাপানী গ্রামের নছির উদ্দিনের ছেলে সহিদুল ইসলামের সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভবনচুর গ্রামের মহরমপাড়ার সফিকার রহমানের মেয়ের বিয়ে হয়। বউকে তুলে নিতে গত বুধবার রাতে বরযাত্রী নিয়ে বরপক্ষ কনের বাড়িতে যায়। একপর্যায়ে বরপক্ষের লোকজন ‘মেয়ে পছন্দ হয়নি’ বলে আলোচনা করলে তা মেয়েপক্ষের লোকজন শুনতে পান৷ এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কনেপক্ষের লোকজন মেয়েকে ওই ছেলের সঙ্গে পাঠাতে অস্বীকৃতি জানান৷ পাশাপাশি তাঁরা সব বরযাত্রীকে আটকে রাখেন। এ নিয়ে স্থানীয়ভাবে দেন-দরবারও চলছে। গতকাল শনিবার রাত সাড়ে নয়টা পর্যন্ত বরপক্ষের লোকজন ওই বাড়িতে আটক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
মুঠোফোনে েযাগাযোগ করা হলে কনের চাচা সহিদার রহমান বলেন, ছেলের বাবা মেয়ে পছন্দ করে এখানে বিয়ে দেন। বিয়েতে যৌতুকও দেওয়া হয়৷ গত বুধবার এসে মেয়ে পছন্দ হয়নি বলে ছেলের মা ও ভাইবোনেরা নানা ধরনের কথাবার্তা বলতে থাকেন। এ কারণে ওই বাড়িতে মেয়েকে পাঠাবেন না বলে মেয়ের বাবা জেদ ধরেন। এ নিয়ে তিন দিন ধরে আলোচনা চলছে।
জানতে চাইলে গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন বলেন, ‘ছেলের বাবা পছন্দ করে ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন, কিন্তু ছেলের মায়ের মেয়ে পছন্দ হয়নি। এ নিয়ে দ্বন্দ্বের কারণে বরপক্ষের লোকজনকে আটকে রেখেছেন মেয়েপক্ষের লোকজন। আমরা বলেছি, ছেলের পরিবারের লোকজনকে রেখে অন্যদের ছেড়ে দিতে, কিন্তু তাঁরা কারও কোনো কথা শুনছেন না।’
জানতে চাইলে সহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘যৌতুক হিসেবে চার লাখ ১০ হাজার টাকা ঠিক হয়। তাঁরা বিয়ের সময় তিন লাখ ১০ হাজার টাকা বুঝে দেন। এখন তাঁরা বলছেন, মেয়েকে পাঠাবেন না। এ জন্য পাঁচ লাখ ৮০ হাজার টাকা দাবি করেছেন। এখন টাকা ছাড়া আমাদের ছাড়বেন না বলে আটকে রেখে নির্যাতন করছেন। আমরা ৩৫ জন আটক আছি।’
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ করেনি। তবে গত রাতে তাঁরা ঘটনাটি শুনেছেন৷ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।