বউ পিটিয়ে জখম করল পুলিশ থানা নিল না মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর কোতোয়ালি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আবুল বাশার প্রামাণিকের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। বরং মামলা না করার জন্য হুমকি দিয়েছেন আবুল বাশার।
দিনাজপুর জেনারেল হাসপাতালের মহিলা শল্য বিভাগে চিকিৎসাধীন আয়েশা সিদ্দিকা (২৮) গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, তাঁদের বিয়ে হয়েছে নয় বছর আগে।
বিয়ের পর থেকে স্বামী আবুল বাশার প্রামাণিক (কনস্টেবল নম্বর ৪২৩ ) নানা ছুতায় কারণে-অকারণে তাঁকে মারধর করেন। বাপ-ভাইদের কাছ থেকে তিন লাখ টাকা আনতে বলেন।
গত বছরের আগস্ট মাসে স্বামীর এই নির্যাতনের বিষয়ে তিনি তৎকালীন পুলিশ সুপার সারোয়ার মুর্শেদ শামীমের কাছে অভিযোগ করেন।
পুলিশ সুপার উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে আবুল বাশারকে ধমক দিয়ে সতর্ক করে আপস করে দেন। কিন্তু এর পরও তাঁর ওপর স্বামীর নির্যাতনের মাত্রা কমেনি।
আয়েশা অভিযোগ করেন, তাঁর স্বামী মাদকাসক্ত। ফেনসিডিল ও গাঁজা খান। মাঝেমধ্যেই বাড়িতে খারাপ মেয়ে নিয়ে আসেন। প্রতিবাদ করলে তাঁকে নির্যাতন ও অশ্লীল গালাগাল করেন।
আয়েশা বলেন, ৪ মার্চ সন্ধ্যায় শিশুসন্তান অভিকে ভাত খাওয়ানোর সময় আবুল বাশার ঘরে ঢুকে তাঁকে অকথ্য গালাগাল শুরু করেন। একপর্যায়ে তাঁর দিকে কাঠের টুল ছুড়ে মারেন। এরপর মারধর করে গুরুতর জখম করেন। রাতেই তাঁকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, আয়েশার ডান হাতের তালুতে তিনটি সেলাই দিতে হয়েছে। মারধরের কারণে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
হাসপাতালে বোনের পাশে বড় ভাই আবু হিয়া (২৯) প্রথম আলোকে জানান, বোনকে হাসপাতালে ভর্তির পর তিনি বাশারের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে থানায় গেলে পুলিশ মামলা নেয়নি।
অপর দিকে হাসপাতালে ভর্তির পর থেকে বাশার এবং তাঁর সহকর্মীরা বারবার হাসপাতালে এসে মামলা না করার ব্যাপারে হুমকি দিয়ে যাচ্ছেন।
আয়েশার বড় ভাই এটিএন নিউজের ভিডিও এডিটর আবু সাঈদ মো. নাসরী (৩২) জানান, বিয়ের পর থেকে আয়েশার ওপর বাশারের নির্যাতন পুরো পরিবারের শান্তি বিনষ্ট করেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কনস্টেবল আবুল বাশার প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী আয়েশা এবং তাঁর ভাইসহ পরিবারের সদস্যদের ব্যবহারে তিনি অতিষ্ঠ। সংসারে অশান্তির এটাই মূল কারণ। গত ৪ মার্চ এ ধরনের ঘটনার কারণেই তিনি আয়েশার গায়ে হাত তুলেছেন বলে স্বীকার করেন।
এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন বলেন, ভিকটিমকে বাদী হয়ে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।