বউ সাজাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন নাসিমা
নতুন বউ সাজাতে মোটরসাইকেলের পেছনে চেপে যাচ্ছিলেন বিউটিশিয়ান নাসিমা বেগম (৩৫)। পথে গতিনিয়ন্ত্রকে ধাক্কা লেগে পড়ে যান রাস্তায়। স্থানীয় ক্লিনিকে চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়া-হাতিরদিয়া সড়কের রামপুর উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নাসিমার বাড়ি কাপাসিয়া উপজেলার সাফাইশ্রী গ্রামে। তিনি কাপাসিয়া বাজারে অপরূপা বিউটি পার্লারের মালিক। সংসারে তাঁর বেকার স্বামী ও দুই ছেলে রয়েছে। এর মধ্যে বড় ছেলে কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে, ছোট ছেলে যুব কাপাসিয়া কিন্ডারগার্টেনের প্লেতে পড়ে। নাসিমাকে হারিয়ে তাঁর স্বামী বিল্লাল হোসেন ও দুই সন্তান গতকাল হাউমাউ করে কেঁদে বারবার মূর্ছা যাচ্ছিল।বিল্লাল বলেন, প্রতিদিনের মতো সকাল নয়টার দিকে দুই ছেলেকে খাইয়ে নাসিমা বিউটি পার্লারে যান। সকাল ১০টার দিকে পাশের দোকানি আসাদ তাঁর বাড়ি আড়াল বাজার এলাকায় নতুন বউ সাজাতে নাসিমাকে মোটরসাইকেলে বসিয়ে রওনা হন। পথে কাপাসিয়া-হাতিরদিয়া সড়কের রামপুর উচ্চবিদ্যালয়ের সামনে থাকা গতিনিয়ন্ত্রকে ধাক্কা লেগে নাসিমা ছিটকে পড়ে যান। লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকেরা নাসিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেওয়ার পথে নাসিমার মৃত্যু হয়।গতকাল মাগরিবের নামাজের পর সাফাইশ্রী জামে মসজিদে জানাজার পর বিল্লালের গ্রামের বাড়ি তরগাঁও গ্রামে নাসিমাকে দাফন করা হয়।