বউভাতে রেলমন্ত্রীর ব্যস্ততা
কখনো অতিথিদের বরণ করছেন, কখনো যাচ্ছেন বর-বধূর জন্য করা মঞ্চে। এভাবে ছোটাছুটিতে গতকাল শুক্রবার নিজের বউভাত অনুষ্ঠানে ব্যস্ত সময় কেটেছে রেলমন্ত্রী মুজিবুল হকের।
এই বউভাত উপলক্ষে সংসদ ভবনের এলডি হল থেকে মণিপুরিপাড়া পর্যন্ত এলাকা সেজেছিল অন্য সাজে। ছিল সানাইয়ের সুর, পালকি। রেলমন্ত্রী পরেছিলেন কালো স্যুট। বধূ হনুফা আক্তার রিক্তা ঘিয়ে রঙের সোনালি জড়ির শাড়ি পরে অনুষ্ঠানস্থলে আসেন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। হনুফা মঞ্চে ওঠার পর আগ্রহীরা তাঁকে ঘিরে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মঞ্চের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকেরা এ সময় তাঁদের সামলাতে হিমশিম খান।
জানা গেছে, প্রায় সাত হাজার জনকে দাওয়াত করা হয়েছিল। প্রথম দিকে দাওয়াতপত্র দেখে অতিথিদের প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু চাপ বেড়ে গেলে আর দাওয়াতপত্র দেখার সুযোগ থাকেনি। অনেকের ধারণা, অতিথি ১৫ হাজার ছাড়িয়ে গেছে। ভিভিআইপি, ভিআইপি ও সাধারণ—এই তিন শ্রেণিতে তিনটি স্থানে খাবারের ব্যবস্থা করা হয়। একসঙ্গে প্রায় চার হাজার অতিথির খাওয়ার ব্যবস্থা ছিল।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, সুরঞ্জিত সেনগুপ্ত, দীপু মনিসহ বর্তমান ও সাবেক অনেক মন্ত্রী এবং সাংসদ এসেছিলেন বউভাতে।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হকসহ অনেক বিশিষ্ট ব্যক্তি। রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খাবার মেন্যুতে ছিল কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, কোমল পানীয়, জর্দা, দই এবং পান।
বউভাত অনুষ্ঠানে উপহার গ্রহণের জন্য অনুষ্ঠানস্থলের পাশে প্যান্ডেল টানিয়ে তৈরি করা হয় ছয়টি কাউন্টার। অনুষ্ঠানটি ক্লোজড সার্কিট ক্যামেরায় পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়।