বউভাতের অনুষ্ঠান থেকে পরীক্ষার হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলছে। গত সোমবারের পরীক্ষাতেও অংশ নিয়েছিল ১১ বছরের শিশুটি। গতকাল শুক্রবারের পরীক্ষায় অনুপস্থিত।
পরে জানা গেল, বিয়ে হয়ে গেছে বৃহস্পতিবার। শুক্রবার ছেলের বাড়িতে চলছিল বউভাতের অনুষ্ঠানের আয়োজন। সেখান থেকে শিশুটিকে নিয়ে আসা হয় পরীক্ষার কেন্দ্রে। গতকাল শুক্রবার ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার জোহরা বেগম উচ্চবিদ্যালয় কেন্দ্রে। ওই ছাত্রী ফরিদপুর সদরের হাড়োকান্দি গ্রামের বাসিন্দা।
কেন্দ্র পরিদর্শক রিনা দাস জানান, গত সোমবার পর্যন্ত প্রতিটি পরীক্ষায় অংশ নেয় ওই ছাত্রী। গতকাল নির্ধারিত বিজ্ঞান পরীক্ষায় সে অনুপস্থিত ছিল। পরে প্রধান শিক্ষক মো. শাহজাহান জানান, বৃহস্পতিবার শহরের পশ্চিম খাবাসপুর মহল্লায় তার বিয়ে হয়ে গেছে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মীনা মাসুদ উজ্জামান জানান, খবর পেয়ে খাবাসপুর মহল্লায় বরের বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে আনা হয়। পরে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হয়। বাল্যবিয়ে দেওয়ায় ওই ছাত্রীর মাকে জরিমানা করা হয়েছে।