বউমেলায় পুরুষ নেই, তবে...

গ্রামের মাঠে মেলা বসেছে। সেখানে রেশমি চুড়ি-ফিতা, আলতা-চিরুনি, হাঁড়ি-পাতিল, খুন্তি-কড়াই, পানের বাটা-সরতাসহ হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তাঁদের সামনে ভিড় করে আছেন অসংখ্য ক্রেতা। তাঁদের কেউ পণ্য দেখছেন, কেউ দরদাম করছেন, কেউবা কিনছেন। এই ক্রেতাদের সবাই নারী। আর এ কারণেই এই মেলার নাম দেওয়া হয়েছে ‘বউ মেলা’।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ মেলার পাশে ত্রিমোহিনী গ্রামে এই বউ মেলার আয়োজন করা হয়। এই মেলায় ক্রেতা-বিক্রেতারা নারী হলেও কিছু কিছু ক্ষেত্রে কিশোর ও পুরুষ বিক্রেতারাও ছিলেন। তবে আগে থেকে বলা ছিল, মেলায় যেহেতু নারীরাই থাকবেন, তাই সন্ধ্যার আগে যেন অন্য কোনো পুরুষ এই মেলায় প্রবেশ না করেন।
সকালে সরেজমিনে দেখা যায়, ত্রিমোহিনী গ্রামের এই বউ মেলায় সকাল থেকেই আশপাশের গ্রামের বউ-মেয়েদের ঢল নামে। মেলায় নারীদের পণ্য ছাড়াও ছিল হরেক পদের মিষ্টান্ন, দই, চিড়া, মুড়ি-মুড়কি ও বাতাসার দোকান। শিশুদের খেলনার দোকানও ছিল। আর শিশু ও নারীদের বিনোদনের জন্য ছিল নাগরদোলা, চরকি, দোলনাসহ নানা আয়োজন।

বউ মেলার আয়োজকেরা বলেন, ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে বউয়েরা বাবার বাড়িতে নাইওর আসেন। পোড়াদহ মেলায় লাখো মানুষের ভিড়ের কারণে তাঁদের অনেকেই মেলায় আসতে পারেন না। এ কারণে প্রায় দুই যুগ ধরে মেলার পাশে ত্রিমোহিনী গ্রামে নারীদের জন্য এই মেলার আয়োজন করা হচ্ছে। গ্রামের নারীরাই মেলায় বেশি আসেন বলে এটি বউ মেলা নামে পরিচিত।
এলাকাবাসী বলেন, বউ মেলা উপলক্ষে কন্যা-বধূরা বাবার বাড়িতে নাইওর আসেন। অন্য বছরের চেয়ে এবার মেলায় নারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মেলায় ননদ-জা আর ছোট বোনকে সঙ্গে নিয়ে এসেছেন মহিষাবান গ্রামের ইশমত আরা। তিনি বলেন, ‘বছর ঘুরে এই মেলা উপলক্ষে বাবার বাড়ি নাইওর আসার অপেক্ষায় থাকি। এক দিন আগে জামাইকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি এসেছি। বাবার দেওয়া টাকায় চুড়ি-ফিতা-আলতা কিনেছি। সবাইকে কিছু না কিছু কিনে দিয়েছি।’
মহিষাবান গ্রামের গৃহবধূ নার্গিস আকতার বলেন, ‘পুরুষের ভিড়ে পোড়াদহ মেলায় যাওয়া যায় না। তাই এটা এই এলাকার বউ-কন্যা-ঝিদের প্রাণের মেলা।’
রানীরপাড়া গ্রামের গৃহবধূ রেশমি আকতার বলেন, ‘মেলায় এসে আলতা, চুড়ি-ফিতা কিনেছি। নাগরদোলায় উঠেছি।’
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন, পোড়াদহ মেলার মতোই এটি এখন এই অঞ্চলের কন্যা-বধূদের ঐতিহ্যবাহী প্রাণের মেলা। বছরের এই এক দিন মেলায় এসে নারীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। এখানে কন্যা-বধূদের মহামিলন ঘটে।