বক দিয়ে বক শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অবাধে বক ধরছেন শিকারিরা। প্রতিদিন তাঁদের ফাঁদে ধরা পড়ছে ৩০০ থেকে ৪০০ বক।বক শিকারিদের ভাষ্যমতে, একশ্রেণীর মানুষ মনে করে যে বকের মাংস খেলে বাতের ব্যথা দূর হয়। সেই ভ্রান্ত ধারণায় বকের চাহিদা বেড়েছে। সেই চাহিদা পূরণে শিকারিরা ফাঁদ তৈরি করে পোষা বক ব্যবহার করে বক শিকার করছেন। বক ধরা যে বেআইনি, তা জানেন না তাঁরা।নান্দাইলের হাঁস-মুরগির বিভিন্ন হাটে বক বিক্রি হতে দেখা গেছে। প্রতিটি বক বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকা।উপজেলার শেরপুর ইউনিয়নের লঙ্গারপাড় বিল, সদর ইউনিয়নের বলদা বিল, চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের ভাটুয়া বিল, জালিয়া ও জলা বিলগুলোতে বক শিকারের তৎপরতা দেখা গেছে। বিলপাড়ের উঁচু গাছবিহীন স্থান ও বিস্তীর্ণ ধানি জমিতে বক ধরার ফাঁদ পাতা হয়।বক শিকারি সোহেল মিয়া (২৫) বলেন, ‘ফাঁদের আশপাশে বসার জায়গা না থাকায় বাধ্য হয়ে আমাদের পাতা ফাঁদে ধরা দেয় বক। এই ফাঁদ পাততে চিকন বাঁশের বাঁকানো তিনটি খুঁটি তিন কোনাকৃতি করে পোঁতা হয়। এক পাশ খোলা রেখে প্রতিটি খুঁটির সঙ্গে বাঁশের কঞ্চি দিয়ে টানা দিয়ে মানুষের সমান উচ্চতায় একটি ঘর তৈরি করা হয়। ওই ঘরের চারপাশ সবুজ কলাপাতা দিয়ে ঢেকে দেওয়া হয়। ওপরের ফাঁকা অংশটি সন্ধি বেত বা নিশিন্ধাগাছের ডাল-পাতা (এক ধরনের গুল্মজাতীয় গাছ) দিয়ে ঢেকে রাখা হয়।এই ফাঁদ দূর থেকে দেখতে গাছের মতো মনে হয়। এই ফাঁদের কাঠামোর পাশে একটি খুঁটি পুঁতে তাতে পায়ে রশি বাঁধা শিকারির পোষা বকটি রাখা হয়। আকাশে কোনো বক উড়তে দেখলে পোষা বকটি উড়ে যায়। ফাঁদের ওই কাঠামোর ভেতর থেকে শিকারি পোষা বকের রশি ধরে টানতে থাকেন। বকটি তখন শব্দ করে ডেকে ওঠে। অনেক সময় শিকারি নিজেও বকের শব্দ করে ডাকেন। উড়ন্ত বকগুলো ওই শব্দ শুনে কাছে আসে। আশপাশে বসার জায়গা না থাকায় ওই ফাঁদে বসামাত্রই ভেতরে অবস্থান করা শিকারি হাত বাড়িয়ে বকের পা ধরে টেনে নেন।এভাবে প্রতিদিন একেকজন শিকারি ছয় থেকে আটটি বক শিকার করতে পারেন বলে জানান লঙ্গারপাড় গ্রামের বক শিকারি রুবেল মিয়া (২৮)। শিকারি হাদিস মিয়ার (৪০) একজন সহযোগী বলেন, তিনি দূরে থেকে আকাশে উড়ন্ত বক দেখতে পেলে শিকারিকে সংকেত দেন।শিকারিরা বলেন, তাঁরা আগে প্রতিদিন ২০-২৫টি বক শিকার করতে পারতেন। এখন ৮-১০টি বক শিকার করতে পারেন।শিকারি সোহেল বলেন, এভাবে পাখি শিকার করা যে বেআইনি, তা তাঁদের কেউ বলেনি। তা ছাড়া নান্দাইলের প্রত্যেক এলাকায় বক ধরা হয়। নান্দাইলে ৫০ থেকে ৬০ জন বক শিকারি রয়েছে। তাঁদের হাতে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ বক ফাঁদে ধরা পড়ছে।এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, বক পাখি সংরক্ষণের বিষয়টি তাঁদের আওতাধীন নয়।নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাজুল ইসলাম খান বলেন, বকের মাংস খেলে বাত রোগ নির্মূল হয়—এটি সম্পূর্ণ ভুল ধারণা।উপজেলার শহীদ স্মৃতি আদর্শ কলেজের প্রাণিবিজ্ঞানের প্রভাষক মুহাম্মদ বেলালুর রহমান বলেন, প্রাকৃতিক জীববৈচিত্র্য ঠিক রাখতে সব পাখির প্রয়োজনীয়তা রয়েছে। শিকারিদের হাতে এভাবে বকসহ বিভিন্ন পাখি নিধন অব্যাহত থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে।