বকবকম পায়রা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা কাজী মনিরুজ্জামানের সংগ্রহে রয়েছে বিভিন্ন প্রজাতির শতাধিক কবুতর। ছবিটি তাঁর বাসা থেকে তোলা l সাজিদ হোসেন
পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা কাজী মনিরুজ্জামানের সংগ্রহে রয়েছে বিভিন্ন প্রজাতির শতাধিক কবুতর। ছবিটি তাঁর বাসা থেকে তোলা l সাজিদ হোসেন

চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বগুড়া থেকে এক জোড়া কোকা জাতের কবুতর এনে দিয়েছিলেন বাবা। সেই থেকে কাজী মনিরুজ্জামানের (৪৫) ধ্যানজ্ঞান কবুতর। সারা দিন কবুতর নিয়ে পড়ে থাকাকে স্বাভাবিকভাবেই পরিবারের বড়রা ভালো চোখে দেখতেন না। মনির বললেন, ‘হুজুর পড়াতে আসছে আর আমি আছি কবুতর নিয়ে। প্রথমে চলত বকাঝকা, শেষ শাস্তি কবুতর জবাই।’ পরিবারের বড়দের চোখরাঙানির পরও মনিরের ছোটবেলার শখে ছেদ পড়েনি। মনির বললেন, এখনো কবুতরই তাঁর সবচেয়ে প্রিয় সঙ্গী।
যোগাযোগের আদি যুগে কবুতরের পায়ে চিরকুট বেঁধে যুদ্ধক্ষেত্র থেকে বার্তা পাঠানো হতো। ঢাকার নবাবদেরও বিনোদনের অনুষঙ্গ ছিল পায়রা ওড়ানো। পরবর্তী সময়ে ঢাকা তথা পুরান ঢাকার অধিবাসীদের মধ্যেও কবুতর পালার শখ ছড়িয়ে পড়ে। নাজির হোসেন তাঁর ‘কিংবদন্তির ঢাকা’ বইয়ে লিখেছেন, চল্লিশের দশকে ঢাকার মহল্লাগুলোতে পায়রা ওড়ানোর প্রতিযোগিতা হতো। বড় প্রতিযোগিতার সময় নারায়ণগঞ্জ থেকে পায়রা ছেড়ে তা পুরান ঢাকায় ফিরিয়ে আনা হতো।
নারিন্দার প্রবীণ অধিবাসী আতাউর রহমান খান বলেন, ১০ বছর আগেও নারিন্দা, দক্ষিণ মৈশুন্ডি, সূত্রাপুর, ধোলাইখাল এলাকার অনেক বাড়ির ছাদে দূর থেকে কবুতরের মাচা চোখে পড়ত। প্রতিবছরই কবুতরের ওড়া দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে যাওয়াসহ নানা দুর্ঘটনার খবর পাওয়া যেত।
বিনোদনে কবুতর পোষার চল এখনো মূলত পুরান ঢাকাতেই দেখতে পাওয়া যায়। পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা ব্যবসায়ী কাজী মনিরুজ্জামানের সংগ্রহে এখন কবুতরের সংখ্যা এক শর ওপর। এগুলোর মধ্যে আছে পাংখী, লাল চিলা, গোররা, গিরিবাজ, কালদম ইত্যাদি জাতের কবুতর। ভারতীয় ব্রিড পাংখী জাতের কবুতরের দাম জোড়াপ্রতি ৫০ হাজার টাকা পর্যন্ত হয়। ঢাকার কাপ্তানবাজারে প্রতি শুক্রবার কবুতরের হাট বসে। নানা জাতের দেশি-বিদেশি কবুতর নিয়ে হাটে হাজির হন কবুতরের খামারি ও শৌখিন কবুতর পালনকারীরা। সারা দিন ধরে চলে কবুতর কেনাবেচা। এ ছাড়া জিঞ্জিরা আর মিরপুরেও নিয়মিত হাট বসে বলে জানান তিনি।
মনিরুজ্জামান বলেন, কবুতরকে তিনি গম, ধান, পোলাওর চাল, সরিষার দানা, ডাবলি ও ছোলা খেতে দেন। নতুন ফোটানো বাচ্চার ক্ষেত্রে শস্যগুলো চিবিয়ে নিজের মুখ থেকেই তা বাচ্চাদের খাওয়ান। বললেন, ‘বাচ্চা ফোটানোর পর অনেক কবুতর আর বাচ্চাদের যত্ন নিতে চায় না। তখন মায়ের মতো এই বাচ্চাদের খাওয়াতে হয়।’
অনেকেই আবার কয়েক পুরুষ ধরে এই শখ ধরে রেখেছেন। লালবাগের মাসুদ যেমন বললেন, ‘আমার দাদায় পালত, বাপে পালত, এখন আমি পালি।’
নারিন্দার অধিবাসী কাজী জিয়াউল বাশারের (৪২) পরিবারেও প্রায় ৭০ বছর ধরে কবুতর পোষা হচ্ছে। বললেন, আগে শীতকালে পায়রা ওড়ানোর প্রতিযোগিতা ‘কবুতরের রেসে’ নামতেন তাঁরা। ঢাকার দল আর নারায়ণগঞ্জের দলে প্রতিযোগিতা চলত। নির্দিষ্ট সময়ের মধ্যে যে পক্ষের বেশিসংখ্যক কবুতর গন্তব্যে ফিরে আসে, সে দল জয়ী। জিয়াউল বললেন, ‘আমরা এসব প্রতিযোগিতা করতাম শখের বশে। আর এখনকার রেসগুলা মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে হয়।’
কবুতর পালনকারী সবাই বললেন, এই পাখির লালনপালনে প্রচুর সময় ও অর্থ ব্যয় হয়। তবু কেন পালছেন—এ প্রশ্নের জবাবে সবাই বললেন প্রিয় শখ বা আনন্দের কথা। মনিরুজ্জামানের কথায়, ‘কবুতর পালা একটা ভালোবাসা, একটা নেশার মতো। একবার ধরলে ছাড়া কষ্ট।’