বকশীগঞ্জে অসহনীয় লোডশেডিং, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইনে ত্রুটি থাকায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। দিনের ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। এতে দুর্ভোগ পোহাচ্ছে লক্ষাধিক মানুষ। তবে বেশি কষ্ট হচ্ছে রোজাদারদের।
স্থানীয় কয়েকজন জানান, গত ২৩ দিন ধরে বেশি লোডশেডিং হচ্ছে। ঘণ্টায় পাঁচ থেকে দশবার বিদ্যুৎ চলে যায়। এতে ইফতার, তারাবি ও সেহ্রি করতে হচ্ছে অন্ধকারের মধ্যেই। বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে পানিও থাকছে না। ইলেকট্রনিকস সামগ্রী ও যন্ত্রপাতি ঠিকমতো চালানো যাচ্ছে না। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
বকশীগঞ্জ পৌর শহরের মাসুদ রানা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ থাকে মাত্র পাঁচ থেকে সাত ঘণ্টা। একটু বাতাস শুরু হলেই পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন।
বাট্রাজোড় এলাকার আবদুর রফিক বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি কোনো ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ করে রাখায় ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতির বকশীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আবদুল জলিল বলেন, বকশীগঞ্জ উপজেলায় ২০ হাজার গ্রাহক আছেন। শেরপুর পল্লী বিদ্যুৎ কার্যালয় থেকে বকশীগঞ্জ উপজেলায় গ্রাহকদের সেবা দেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে কিছুদিন ধরে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। এখানে চাহিদা ১০ মেগাওয়াট কিন্তু দেওয়া হচ্ছে ৪ মেগাওয়াট। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে আরও কিছুদিন সময় লাগবে।