বকশীগঞ্জে আশ্রয়কেন্দ্র ব্যবহারের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জে বন্যাদুর্গত মানুষের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্রের তিনটি ঘরের কোনো অস্তিত্ব নেই। যেটি আছে, দীর্ঘদিন সংস্কার না করায় সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের দরজা-জানালা নেই। দেয়াল ও ছাদের পলেস্তারা খসে রড বের হয়ে আছে।
এ কারণে সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি ছেড়ে আসা মানুষ এ কেন্দ্রে থাকতে পারছে না। তারা উঁচু জায়গা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যাদুর্গত মানুষের জন্য ১৯৭৭ সালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে তিন একর জমিতে আশ্রয়কেন্দ্র করা হয়। এই কেন্দ্রে আধা পাকা চারটি ঘর ছিল। প্রতিটির দৈর্ঘ্য ২০০ মিটার।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, একটি ঘর পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ওই ঘরের দেয়াল, টিনের চালা, বারান্দা ভাঙাচোরা। ঘরের দরজা-জানালা নেই। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। ঘরের পাঁচটি কক্ষে মানুষ, গরু ও ছাগলের মলমূত্র পড়ে আছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন বছর আগে ঘূর্ণিঝড়ে আশ্রয়কেন্দ্রের তিনটি আধা পাকা ঘর বিধ্বস্ত হয়। এরপর স্থানীয় লোকজন দরজা-জানালা, চালের টিন ও ইট নিয়ে যায়। এখন ভবনগুলোর অস্তিত্ব নেই।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, সম্প্রতি বন্যার কারণে উপজেলার মেরুরচর, নীলাক্ষিয়া, সাধুরপাড়া ও বগারচর ইউনিয়নের ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আশ্রয়কেন্দ্রের বেহাল অবস্থার কারণে দুর্গত এলাকার মানুষ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। অনেকে খোলা আকাশের নিচে বাস করছে।
টুপকারচর গ্রামের খলিলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আশ্রয়কেন্দ্রটি পরিত্যক্ত অবস্থায় থাকলেও সরকার এটি সংস্কার বা উন্নয়নের উদ্যোগ নেয়নি। এক সপ্তাহ ধরে মানুষ আশ্রয় না পেয়ে রাস্তা ও খোলা আকাশের নিচে বসবাস করছে। এ আশ্রয়কেন্দ্রে বর্তমানে মাদকসেবী ও জুয়াড়িরা আড্ডা দিচ্ছে।
মেরুরচর ইউনিয়নের বন্যাদুর্গত গৃহবধূ মেহেরা বেগম জানান, পরিবেশ না থাকায় সেখানে না গিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। বাড়িতে পানি ওঠায় পরিবারের সদস্যদের নিয়ে এক সপ্তাহ ধরে এখানেই থাকছেন তিনি।
মেরুরচর ইউপির চেয়ারম্যান গোলাম মওলা বলেন, আশ্রয়কেন্দ্রটির যে অবস্থা তাঁতে সংস্কার করেও কোনো লাভ হবে না। সবকিছু ভেঙে নতুন করে করা হলেই সেখানে দুর্গত এলাকার মানুষ আশ্রয় নিতে পারবে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন খান বলেন, কয়েক মাস আগে তিনি এখানে যোগ দিয়েছেন। আগে সংস্কার কেন করা হয়নি তা তিনি জানেন না। আশ্রয়কেন্দ্রটি সংস্কার করার পরিকল্পনা আছে।