বকশীগঞ্জে এইচএসসির কেন্দ্র বহালের দাবিতে বিক্ষোভ
>

বকশীগঞ্জ উপজেলার খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা তাঁদের এইচএসসি পরীক্ষার আগের কেন্দ্র বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা তাঁদের এইচএসসি পরীক্ষার আগের কেন্দ্র বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এসব কর্মসূচি পালন করা হয়।
কলেজ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ১৯৯৪ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে কলেজটির শিক্ষার্থীরা সরকারি কিয়ামত উল্লাহ কলেজে এইচএসসি পরীক্ষা দিয়ে আসছেন। গত মঙ্গলবার খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ জানতে পারে, ওই কেন্দ্রটি বাতিল করে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র করা হয়েছে। আগের কেন্দ্র বহালের দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে মহিলা কলেজটির প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরপর তাঁরা জামালপুর-বকশীগঞ্জ সড়কের মালিবাগ এলাকায় সড়ক অবরোধ করেন। এতে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা দুর্ভোগে পড়ে। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এরপর আবার যানবাহন চলাচল শুরু হয়।
খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজলুল করিম বলেন, ‘আমাদের কলেজ থেকে মাত্র আধা কিলোমিটার দূরে সরকারি কিয়ামত উল্লাহ কলেজ। এ পরীক্ষাকেন্দ্রটি মেয়ে পরীক্ষার্থীদের যাতায়াতের জন্যও ভালো ছিল। কিন্তু গোপনে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আমার অনুমতি ছাড়াই ওই কেন্দ্র বাতিল করায়। নতুন কেন্দ্রটি চার কিলোমিটার দূরে। ফলে শিক্ষার্থীরা আগের কেন্দ্র বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।’
চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, শিক্ষা বোর্ড যাচাই-বাছাই করে এখানে কেন্দ্র দিয়েছে। এ সিদ্ধান্তের বাইরে যাওয়ার উপায় কারও নেই। ওই কলেজ কর্তৃপক্ষের দাবি অনৈতিক।