বকশীগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ ৩৫ জন আহত
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে চার শিশুসহ ৩৫ জন আহত হয়েছে। গত শুক্র ও গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এতে আতঙ্কে আছে ওই উপজেলার পাঁচটি গ্রামের মানুষ।
আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উপজেলার মিয়াপাড়া গ্রামের চান মিয়ার মেয়ে রোজিনা আক্তার (৪), সাজিমারা গ্রামের খোকন মিয়ার ছেলে নূরনবী (৫), কাচারিপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে কাবিদ মিয়া (৫), একই গ্রামের মামুন মিয়ার মেয়ে নুসফা (১৪), টুপকারচর গ্রামের অঞ্জন মিয়ার স্ত্রী গোলাছা বেগম (৩৫), পাখিমারী গ্রামের হাবিবুর রহমান (৬০), সর্দারপাড়া গ্রামের আকরাম আলী (৪০) ও সর্দারপাড়া গ্রামের কমছেদ আলীর স্ত্রী মুক্তা বেগমকে (৪০) বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে প্রথমে ওই উপজেলার পাখিমারী গ্রামে মানিক মিয়া নামের এক বৃদ্ধকে একটি পাগলা কুকুর কামড় দেয়। এরপর ওই কুকুরটি সওদাগরপাড়া, মিয়াপাড়া, সাজিমারা ও সর্দারপাড়া গ্রামে চার শিশুসহ আরও ৩৫ জনকে কামড় দেয়। কুকুরের কামড়ে ৩৫ জন আহত হওয়ার পরও উপজেলা প্রশাসন এটি বন্ধে কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।