বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন খুন
জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে গতকাল শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আবুল কালাম (৪৫) নামের একজন কৃষক ঘটনাস্থলেই নিহত এবং অন্ততপক্ষে আটজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাট্টাজোড় ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের বাহাউদ্দিন ও দক্ষিণ পলাশতলা গ্রামের হারুন মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জমি দখলের উদ্দেশ্যে হারুন মিয়ার লোকজন জোরপূর্বক বাহাউদ্দিনের দখলীয় জমিতে হানা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বাহাউদ্দিনের সমর্থক কৃষক আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয় পক্ষের আটজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।