বকশীগঞ্জে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
জামালপুরের বকশীগঞ্জে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে সুমন (১২) নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা এলাকার গোয়ারপাড়া গ্রামের ট্রাক্টরচালক মজনু মিয়া তাঁর বাড়ির পাশে নিজ জমিতে হালচাষ করছিলেন। এ সময় একই গ্রামের বানু পাগলের ছেলে সুমন (১২) ওই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও এলাকার প্রভাবশালী ব্যক্তিরা পুলিশের সঙ্গে বিশেষ সমঝোতা করে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করে। তবে কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, ওই শিশুটির বাবা পাগল ও অতি দরিদ্র হওয়ায় একটি মহল নিজেদের স্বার্থ হাসিল করতে বিশেষ সমঝোতায় লাশ তড়িঘড়ি করে দাফন করেছে।
নিলক্ষিয়া ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ট্রাক্টরের চাপায় শিশু নিহতের ব্যাপারে উভয় পক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে। থানা পুলিশকে জানিয়ে লাশ দাফন করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, ময়নাতদন্ত ছাড়াই নিহত শিশুর অভিভাবকেরা লাশ দাফনের আবেদন করায় তাদের আবেদনটি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়।