বকশীগঞ্জে দিনে বিদ্যুৎ থাকে না ২০ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুই সপ্তাহ ধরে প্রতিদিন ২০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চলছে বলে জানিয়েছেন গ্রাহকেরা। কবে পরিস্থিতির উন্নতি হবে তা-ও বলতে পারছে না পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)।
গ্রাহকেরা বলছেন, লোডশেডিংয়ের কারণে শিল্পকারখানাসহ ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে। সেচ দিতে পারছেন না কৃষকেরা। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসা করায় টেলিভিশন, রেফ্রিজারেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।
পবিসর বকশীগঞ্জ কার্যালয় সূত্র জানায়, উপজেলায় পল্লী বিদ্যুতের প্রায় ৪০ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৫১৪টি বাণিজ্যিক, বিদ্যুচ্চালিত সেচপাম্প ১ হাজার ৩৫টি, ভারী শিল্প ১০টি, শিল্পকারখানা ৩২৫টি ও বাকিগুলো সাধারণ গ্রাহক। এখানে বিদ্যুতের চাহিদা ১২ মেগাওয়াট। কিন্তু দুই সপ্তাহ ধরে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র তিন মেগাওয়াট।
কয়েকটি গ্রামের গ্রাহকেরা বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে মুঠোফোন চার্জসহ ইলেকট্রনিক সামগ্রী চালানো যাচ্ছে না। ছোট-বড় কলকারখানা চালানো যাচ্ছে না। বাসাবাড়িতে পানিও নেই। বোরো-ইরি ধানের খেতে সেচ দিতে পারছেন না কৃষক।
বাট্টাজোড় গ্রামের হাকিমুল করিম বলেন, বোরো-ইরি ধান লাগানো শুরু হয়েছে। খেতে হাল দেওয়া হয়েছে। কিন্তু পানি না থাকায় ধানের চারা লাগানো যাচ্ছে না। কয়েক সপ্তাহ ধরে বিদ্যুৎ ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ৪ ঘণ্টা থাকে। কিন্তু একটানা ২০ মিনিটও থাকে না। দুই-তিন ঘণ্টা পরপর বিদ্যুৎ এলেও ১৫-২০ মিনিট থেকে আবার চলে যায়। ফলে বিদ্যুচ্চালিত সেচপাম্প চালানো যাচ্ছে না। বিদ্যুৎ যাওয়া-আসার কারণে ইলেকট্রিক মোটরের ইঞ্জিন জ্বলে যায়। ফলে সেচপাম্প বন্ধ রাখা হয়েছে। এ অবস্থা চললে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কৃষকেরা।
বকশীগঞ্জের কোহিনূর এমদাদ এগ্রো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক বলেন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে কারখানার মেশিন প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। উৎপাদন করা যাচ্ছে না। কয়েক শ কর্মচারীকে বেতন দিয়ে উৎপাদন করতে না পারলে লোকসানের মুখে পড়তে হবে।
বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. মানিক সওদাগর বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ৩-৪ ঘণ্টা পরপর ১৫-২০ মিনিটের জন্য বিদ্যুৎ আসে। ওই বিদ্যুৎ দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান চালানো যায় না। এতে মেশিন বিকল হওয়ার সম্ভাবনা থাকে। ফলে কয়েক হাজার ব্যবসায়ীর লাখ লাখ টাকা লোকসানের মধ্যে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পবিসর বকশীগঞ্জ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আবদুল জলিল বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা কর্মকর্তা-কর্মচারীরাও বেকায়দায় আছি। বিদ্যুৎ না পেয়ে প্রায়ই গ্রাহকেরা ফোন ও কার্যালয়ে এসে গালিগালাজ পর্যন্ত করছেন। দুই সপ্তাহ ধরে জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। কত দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে তিনি জানেন না।’