বকশীগঞ্জে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গতকাল শনিবার নেশার টাকা না পেয়ে মাকে দা দিয়ে কুপিয়ে ছেলে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ একই দিন ময়মনসিংহের ভালুকা উপজেলার মিরকা গ্রাম থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷
বকশীগঞ্জে নিহত মায়ের নাম জবা বেগম (৬০)৷ তিনি উপজেলার পাগলাপাড়া গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জবা বেগমের ছেলে আফিল উদ্দিন নেশার টাকা না পেয়ে বাড়িতে বিভিন্ন সময় ভাঙচুর করতেন। গতকাল বিকেল চারটার দিকে আফিল বাড়িতে খেতে বসে জবার কাছে নেশার জন্য টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় আফিল উদ্দিন দা দিয়ে তাঁর মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন৷ স্থানীয় লোকজন ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনাস্থলে এসে জবার মায়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মারা যাওয়া মায়ের নাম শিউলী আক্তার (৩৫) ও মেয়ের নাম সূচী (সাড়ে চার বছর)৷ শিউলী মিরকা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী৷ পুলিশ গতকাল শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। জাহাঙ্গীর আলম জানান, গত শুক্রবার গভীর রাতে বাড়ি গিয়ে মেয়ে সূচী ও স্ত্রী শিউলীকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও পাননি। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন ঝুলন্ত অবস্থায় তাদের লাশ দেখতে পেয়ে তাঁকে জানান। শিউলী আক্তারের বাবা গিয়াস উদ্দিন খান দাবি করেন, কেউ তাঁর মেয়ে ও নাতিকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে গেছে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না৷