বকশীগঞ্জে পাহাড় কেটে মাটি বিক্রি, ধসের আশঙ্কা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বালিঝুরি গ্রামে এক ব্যক্তি ১৫ দিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করছেন। এতে বর্ষা মৌসুমে পাহাড়ধসের আশঙ্কা করছে গ্রামের লোকজন।
গ্রামবাসী সূত্র জানায়, গ্রামের প্রভাবশালী আলতাফ হোসেন ১৫ দিন ধরে বালিঝুরি বাজারের কাছের একটি পাহাড়ে খননযন্ত্র দিয়ে মাটি কাটছেন। পাহাড়টির ওপর একটি মসজিদ ছিল। মসজিদটি ভেঙেও মাটি কেটে নেওয়া হয়েছে। গ্রামের অনেকে অন্তত মসজিদের অংশের মাটি না কাটতে অনুরোধ করেছিলেন। তিনি শোনেননি। সাংবাদিকেরা আসবেন এমন খবরে দুই দিন (মঙ্গল ও বুধবার) ধরে মাটি কাটা বন্ধ রেখেছেন।
নয়া মিয়া বলেন, ‘গত ১৫ দিনে কমপক্ষে ২৫০ ট্রাক মাটি বিক্রি করা হয়েছে। যেভাবে কাটা হচ্ছে, বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে। ফলে বালিঝুরি বাজারটি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। স্থায়ীভাবে মাটি কাটা বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’
গতকাল সকালে গিয়ে দেখা যায়, বালিঝুরি বাজারের মাঝখান দিয়ে একটি রাস্তা তৈরি করে খননযন্ত্র দিয়ে পাহাড় কাটা হয়েছে। পাহাড়টির প্রায় ৪০ থেকে ৫০ ফুট উঁচু থেকে কেটে মাটি নিয়ে যাওয়া হয়েছে। একটি বাড়ির খুব কাছ থেকেও মাটি কাটা হয়েছে। মাটি নেওয়ার জন্য অনেক গাছ ও একটি বাঁশের ঝাড়ও কাটা হয়েছে।
ফজলু মিয়া বলেন, ‘আমি খুব গরিব। নানা কাজ করে খাই। ১৫ বছর ধরে কেটে ফেলা পাহাড়ের ওপর দুটি ঘর তৈরি করে বাস করছিলাম। হঠাৎ আলতাফ হোসেন এসে পাহাড় কাটা শুরু করেন। পাহাড় কাটার কারণে আমার একটি ঘরও ভেঙে ফেলতে হয়েছে। অন্য ঘরটির খুব কাছ থেকে মাটি কাটা হয়েছে। কোথায় গিয়ে আবার ঘর তুলব বুঝতে পারছি না।’
আলতাফ হোসেন বলেন, ‘বাজারসহ ওই পাহাড়ের জমি আমার পৈতৃক সম্পত্তি। ওইখানে মাটি সমান করার জন্য আমি পাহাড় কাটছি। এতে সমস্যা কোথায়। এলাকার কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। মাটি কাটার সময় তাঁরাই ঘর ও মসজিদ ভেঙে নিয়েছেন। এতে আমার কী করার আছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, ‘পাহাড় কাটার বিষয়টি শুনে পুলিশের একটি দল নিয়ে বুধবার (গতকাল) দুপুরে ওই এলাকায় গিয়েছিলাম। সেখানে আলতাফ হোসেনকে পাওয়া যায়নি। তবে গ্রামের লোকজনের সঙ্গে কথা হয়েছে। কেউ যাতে পাহাড় না কাটতে পারে, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। পাহাড় কাটার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে দ্রুত মামলা করা হবে। পরিবেশের ভারসাম্য নষ্ট করে কোনো প্রভাবশালীকেই পাহাড় কাটতে দেওয়া হবে না।’