ঝড়ে বিদ্যুৎ-ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় জামালপুরের বকশীগঞ্জের সাতটি ইউনিয়নেই তিন দিন ধরে বিদ্যুৎ নেই। এতে বেশি দুর্ভোগে পড়েছেন কৃষক এবং এইচএসসি পরীক্ষার্থীরা।
জানা যায়, ২১ এপ্রিল গভীর রাতে বকশীগঞ্জের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে উপজেলার পৌর এলাকাসহ সাধুরপাড়া, মেরুরচর, বগারচর, নিলক্ষিয়া, ধানুয়াকামালপুর, বাট্টাজোড় ইউনিয়নের বিদ্যুৎ-ব্যবস্থা ভেঙে পড়ে। সাতটি ইউনিয়নের ২০৬টি গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তিন দিন পর এখনো বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়নি।
স্থানীয় কয়েকজন জানান, ঝড়ের পর থেকে উপজেলার কোথাও বিদ্যুৎ নেই। তিন দিন বিদ্যুৎ না থাকায় হাজারো মানুষ দুর্ভোগে পড়েছে। বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে পানিও নেই। এতে মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় মুঠোফোনও চার্জ দেওয়া যাচ্ছে না। এ ছাড়া বোরো ধানের খেতে সেচ দিতে পারছেন না কৃষকেরা।
পৌর শহরের এইচএসসি পরীক্ষার্থী রুবেল হোসেন বলেন, বিদ্যুতের অভাবে ভালোভাবে লেখাপড়া করা যাচ্ছে না।
বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বলেন, ‘ঝড়ে ইউনিয়নের বিদ্যুতের সব খুঁটি ভেঙে পড়ায় এবং তার ছিঁড়ে যাওয়ায় তিন দিন ধরে অন্ধকারের মধ্যে রয়েছি। দিনের বেলায় গরম এবং রাতে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। এতে গ্রামবাসী ভোগান্তির মধ্যে রয়েছে।
বকশীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবদুল জলিল বলেন, ঝড়ে উপজেলায় বিদ্যুৎ-ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আজ গতকাল (শুক্রবার) সন্ধ্যার মধ্যে পৌরসভার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। বিদ্যুৎ-ব্যবস্থা পুরোপুরি সচল হতে আরও এক সপ্তাহ লাগবে।