বকশীবাজার পার্ক এখন 'ভ্যানগাড়ি পার্ক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সিটি করপোরেশনের বকশীবাজার পার্কটি এখন রিকশা-ভ্যানের দখলে। গাঁজা-জুয়ার আসর বসে নিয়মিত। হতশ্রী চেহারা আর নিরাপত্তা-শঙ্কার কারণে পার্কটি আর এলাকাবাসীকে আকৃষ্ট করে না।
বকশীবাজার এলাকায় গিয়ে খোঁজ করলে স্থানীয় দোকানদার ও এলাকাবাসীর বেশ কয়েকজন বকশীবাজার পার্ককে ‘ভ্যানগাড়ি পার্ক’ বলে উল্লেখ করেন। এই নামের কারণ জানতে চাইলে স্থানীয় বাসিন্দাদের একজন রশীদ উদ্দিন বলেন, ‘এইখানে ভ্যান রাখে বইলা এই নাম’।
পার্কের সীমানার ভেতর নগর স্বাস্থ্যকেন্দ্র ও বকশীবাজার শরীরচর্চা কেন্দ্রের ভবন রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা
যায়, পার্কে ঢোকার মূল ফটকে নগর স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড ঝোলানো। পাশে দেয়ালে একটি ছোট ফলকে ছোট অক্ষরে পার্কের নাম লেখা।
ভেতরে ঢুকতেই ছড়িয়ে-ছিটিয়ে রাখা বেশ কিছু রিকশা-ভ্যান চোখে পড়ে। জায়গায় জায়গায় শুকনো পাতা আর আবর্জনার স্তূপ। পার্কের তিনটি দোলনার স্ট্যান্ডের একটিতেও দোলনা নেই। জং ধরা তিনটি স্লিপারও জায়গায় জায়গায় ক্ষয়ে গেছে। দোলনা আর স্লিপারের রডগুলো ভ্যানগাড়ি তালা মেরে রাখার কাজে ব্যবহৃত হচ্ছে।
বাম দিকের দেয়াল ঘেঁষে রাখা রিকশা-ভ্যানের ওপর বসে পাঁচ-ছয়জন যুবককে মাদক সেবন করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীদের একজন বলেন, প্রতিদিন সকালবেলা থেকেই কিছু যুবক পার্কে বসে গাঁজা খান, সিরিঞ্জের মাধ্যমে মাদক সেবন করেন। বিকেলের পর মাটিতে দাগ কেটে জুয়া খেলাও চলে। তাই পার্কে কেউ সহজে আসে না।
পার্কের দরজার কাছে তিন শিশু খেলছিল। তাদের একজন হৃদয় হোসেন (১৩) বলে, ‘পার্কে খেলার কিছু নাই। স্লিপার-দোলনা সব ভাঙা। আর মানুষ বইসা গাঞ্জা খায়। যাইতে ডর লাগে।’
বকশীবাজার পার্কটি দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের অধীন। পার্কের বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর ওমর-বিন-আবদাল আজিজ বলেন, ১৫-২০ বছর ধরে পার্কে রিকশা-ভ্যান রাখা হচ্ছে। নির্বাচিত হওয়ার পর তিনি তিনবার উচ্ছেদ করেছেন। তবে আবার পার্ক দখল হয়ে গেছে। তিনি বলেন, মাদকের সঙ্গেও স্ট্যান্ডের সম্পর্ক আছে। পার্কের পরিবেশ উন্নয়নে তাই মেয়র এখানে ইকো পার্ক করার উদ্যোগ নিয়েছেন। কয়েক দিনের মধ্যেই এর কাজ শুরু হবে।