বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানি গ্রহণ করতে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসেই বসবেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।
গতকাল বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। গতকালই ওই প্রজ্ঞাপনের কপি সংশ্লিষ্ট আদালত ও পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগে পাঠানো হয়েছে। আগে এ মামলার বিচারকাজ হয়েছে বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী বিশেষ এজলাসে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব প্রশাসন-১ মাহাবুবার রহমান সরকার প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৩ থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের আদেশ দেন। বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে অস্থায়ী ভবনে মহানগর দায়রা জজ আদালত বিশেষ এজলাসে মামলার বিচারকাজ পরিচালনা করবেন। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার এ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য আছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করা হয়।