বকুলের পর শাম্মী আটক
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিএনপির সাংসদ শাম্মী আক্তারকে আটক করেছে পুলিশ। আজ বুধবার রাতে তাঁকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়।
শাম্মীকে আটক করার কিছুক্ষণ আগে বিএনপির নেতা ও সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে, শাম্মীকে আটক করার কিছুক্ষণ পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসীর এম আউয়ালকে একই স্থান থেকে আটক করা হয়।
গুলশান থানা পুলিশ শাম্মীকে ক্যান্টনমেন্ট থানায় নিয়েছে বলে ক্যান্টনমেন্ট থানার কর্তব্যরত কর্মকর্তা ইয়ার আলী প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এর আগে বিএনপির নেতা ও সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান-২ নম্বরের বাসভবনের সামনে থেকে আটক করা হয়।
এদিকে ওই নেতাদের আটকের কিছুক্ষণ পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ও সাংবাদিক শফিক রেহমান খালেদা জিয়ার গুলশানের বাসভবনে ঢুকতে চান। তবে পুলিশি বাধার মুখে তাঁরা সেখানে যেতে পারেননি।