বকেয়া আদায়ের চেষ্টায় সাড়া কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া আদায়ে বেসরকারি শীর্ষ ৫০ বিলখেলাপির তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম ওয়াসা। তবে বকেয়া আদায়ের এই চেষ্টায় এখনো আশানুরূপ সাড়া পায়নি ওয়াসা।
বেসরকারি শীর্ষ ৫০ বিলখেলাপির কাছে ওয়াসার পাওনা প্রায় সোয়া কোটি টাকা। এসব গ্রাহকের ১২ থেকে ৪৫ মাস পর্যন্ত বিল বকেয়া। স্থানীয় পত্রিকায় নয় দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে বিল পরিশোধের তাগাদা দেওয়া হয়েছে। তালিকার বেশির ভাগই অনাবাসিক গ্রাহক।
সরকারি-বেসরকারি আবাসিক ও অনাবাসিক গ্রাহকদের কাছে ওয়াসার পাওনা প্রায় সাড়ে ২৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে পাওনা প্রায় ১৩ কোটি টাকা। গত বছর বিলখেলাপি ১৩৬টি সরকারি প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছিল ওয়াসা।
চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, বকেয়া আদায়ে এবারই প্রথম বিলখেলাপিদের তালিকা প্রকাশ করেছে ওয়াসা। শুরুতে এক লাখ টাকার ওপরে বকেয়া আছে—এ রকম বেসরকারি গ্রাহকদের তালিকা তৈরি করছে সংস্থাটি। এখন পর্যন্ত প্রায় ১০০ জনের তালিকা করা হয়েছে। তাঁদের মধ্যে শীর্ষ ৫০ বিলখেলাপির তালিকা গত ২৩ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘অনেকবার তাগাদা দিয়েও আমরা অনেক বিলখেলাপির কাছ থেকে টাকা আদায় করতে পারিনি। সে কারণে এখন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। যদি দেখি এতেও কাজ হচ্ছে না, তা হলে সে ক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্নসহ পাওনা আদায়ে মামলা করব।’ তিনি জানান, শিগগিরই দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে।
ওয়াসা সূত্র জানায়, চট্টগ্রামে বর্তমানে নিয়মিত ৫৫ হাজার গ্রাহকের নামে পানির বিল করা হয়। এর বাইরে পাঁচ হাজার সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আইন অনুযায়ী, তিন মাস বিল পরিশোধ করা না হলে একজন গ্রাহককে বিলখেলাপি বলা হবে। তবে কত টাকা বা কত দিন বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, সে বিষয়ে আইনে উল্লেখ নেই।
ওয়াসার তালিকায় দেখা গেছে, শীর্ষ পাঁচ বিলখেলাপির সবাই অনাবাসিক গ্রাহক। বেসরকারি শীর্ষ বিলখেলাপি হচ্ছে সাগরিকা রোডের বিসিক শিল্প এলাকার দ্য কোস্টাল সি ফুডস লিমিটেড। জরিমানাসহ প্রতিষ্ঠানটির ২৫ মাসের বকেয়া ৭ লাখ ৪১ হাজার টাকার বেশি। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে মেসার্স চয়েজ ওয়াশিং লিমিটেড ও মেসার্স চয়েজ গার্মেন্টস লিমিটেড। এই দুটি প্রতিষ্ঠানের কাছে ওয়াসার পাওনা প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকা।
যোগাযোগ করা হলে মেসার্স চয়েজ ওয়াশিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম ফজলুল হক বিল পরিশোধে গাফিলতির কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ওয়াসার সঙ্গে কথা হয়েছে। দ্রুত সব বকেয়া পরিশোধ করা হবে।
এদিকে বিজ্ঞপ্তি প্রকাশের নয় দিনে মাত্র পাঁচজন বিলখেলাপি ওয়াসার সঙ্গে যোগাযোগ করেছেন। চারজন গ্রাহক আংশিক বিল পরিশোধ করেছেন। একজন বিলের বিষয়ে আপত্তি জানিয়ে বলেছেন, দীর্ঘদিন ধরে তাঁর সংযোগ বিচ্ছিন্ন। তাঁর পৌনে দুই লাখ টাকার বকেয়া বিল দেখানো অযৌক্তিক।
এ প্রসঙ্গে ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে। এর বাইরে আর কারও কোনো অভিযোগ বা আপত্তি থাকলে সেগুলোও আমরা বিবেচনা করব।’ তিনি বলেন, ‘আশা করছি, খেলাপি গ্রাহকেরা দ্রুত বিল পরিশোধ করবেন।’