বকেয়া পরিশোধের দাবিতে কর্মচারী সংসদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে গতকাল সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কর্মচারী সংসদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এর আগে গত রোববার এক ঘণ্টা কর্মবিরতি পালনসহ তিন কর্মচারীর অপসারণের দাবিতে বিক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়।

জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার স্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ৩৪ জন কর্মচারীর তিন মাস ও অস্থায়ী চুক্তিভিত্তিক ২৪ কর্মচারীর চার মাসের বেতন বকেয়া রয়েছে।

ইউএনওর কাছে দেওয়া সঞ্চারকলিপিতে অভিযোগ করা হয়, পৗরসভার বার্ষিক আয় প্রায় আড়াই কোটি টাকা হওয়া সত্ত্বেও কর্মচারীদের বেতন বকেয়া থাকছে। এ ছাড়া পৌরসচিব মো. ছিদ্দিক আলী খান, প্রকৌশলী কাজল কুমার নাগ ও হিসাবরক্ষক গোবিন্দ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে নানা অনিয়ম ও বিল-ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়। গোবিন্দ চন্দ্র মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, পৌরসভার যাঁরা আদায়কারী রয়েছেন, তাঁদের অনেকের কাছেই কয়েক লাখ টাকা বকেয়া রয়েছে। এসব টাকা আদায়ের ব্যাপারে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের পর থেকেই তাঁরা তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ দিয়ে আন্দোলন করছেন।

পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন মৃধা বলেন, পৌর কর্মচারী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হোল্ডিং নাম পরিবর্তনের ও হোল্ডিং ট্যাক্স বাবদ প্রায় পাঁচ লাখ পড়ে আছে। এই টাকা ৩০ জুনের আগেই জমা দিতে বলা হয় এবং একটি কমিটি গঠন করা হয়।

মূলত সেই টাকা আদায়ে চাপ প্রয়োগের পর থেকেই তাঁরা আন্দোলনে নেমেছেন। এর পরও কর্মচারীদের সমস্যার কথা বিবেচনা করে মেয়রের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে টাকা ঋণ নিয়ে আজই (সোমবার) চুক্তিভিত্তিক কর্মচারীদের চার মাসের বেতন পরিশোধ করা হয়েছে। এ ছাড়া ঈদের আগেই বাকিদের বেতন পরিশোধ করা হবে।