বকেয়া বেতনের দাবিতে আমরণ অনশন
তাঁদের বেতন পাঁচ হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত। ওই বেতনও তাঁরা নিয়মিত পান না। গত নয় মাসের বেতনও পাননি। করা হচ্ছে ছাঁটাই। এ অবস্থায় বকেয়া বেতনের দাবিতে গতকাল সোমবার থেকে আমরণ কর্মসূচি শুরু করেছেন তাঁরা।
এঁরা সবাই রংপুরের বদরগঞ্জে অবস্থিত রংপুর ডিস্টিলারিজ অ্যান্ড কেমিক্যালস লিমিডেটের শ্রমিক-কর্মচারী। গতকাল সকাল ১০টায় ডিস্টিলারিজের মূল ফটকের সামনে তাঁরা কর্মসূচি শুরু করেন।
কারখানার শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, সেখানে আগে ১৩৫ জন শ্রমিক কাজ করলেও নিয়মিত বেতন-ভাতা পেতেন না। বেতন চাইলে লিমিটেডের প্রকল্প কর্মকর্তা আবদুল হালিম তাঁদের ছাঁটাই করা শুরু করেন। এভাবে তিন বছরে ৮৪ জন শ্রমিককে তিনি ছাঁটাই করেছেন। এখন এখানে ৪৮ জন শ্রমিক কর্মরত আছেন। তাঁরাও নয় মাস ধরে বেতন-বোনাস পাচ্ছেন না। এ অবস্থায় গতকাল থেকে শ্রমিকেরা আমরণ অনশন শুরু করেছেন।
প্রকল্প কর্মকর্তা আবদুল হালিম বলেন, ‘প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লুৎফর রহমান দেশের বাইরে থাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। একটি মহল শ্রমিকদের উসকানি দিয়ে ডিস্টিলারিজ ধ্বংসের চক্রান্ত করছেন।