চার মাসের বকেয়া বেতনের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আজ মঙ্গলবার উপাচার্যের কক্ষের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেছেন। এর ফলে উপাচার্য তাঁর কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েছেন।
প্রগতিশীল শিক্ষক সমাজ ও সাধারণ শিক্ষকদের পৃথক পৃথক ব্যানারে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে উপাচার্যের কক্ষের সামনে প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে অবস্থান নিয়ে বসে পড়েন শিক্ষকেরা। এ সময় শিক্ষকেরা বকেয়া বেতনের দাবি ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকদের স্থায়ীকরণের দাবিতে স্লোগান দেন।
একই সঙ্গে সাধারণ শিক্ষকদের ব্যানারে অন্য একটি পক্ষ একই দাবিতে সেখানে অবস্থান নেয়। এ সময় বক্তব্য দেন আন্দোলনে অংশ নেওয়া বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ, ঋশিন পরিমল, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল আলম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রফিউল আজম, কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদুল ইসলাম প্রমুখ।
শিক্ষকদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে আজ কোনো ক্লাসও অনুষ্ঠিত হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেতনভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৮৫ জন। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন না নিয়ে পদ সৃষ্টি না করে অতিরিক্ত ৩৩৩ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেওয়ায় মোট শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়ায় ৬১৮ জনে। কিন্তু ইউজিসি ২৮৫ জনের বেতন পাঠিয়ে থাকে। ওই টাকা দিয়ে ৬১৮ জন শিক্ষক কর্মকর্তা-কর্মচারীর বেতন দেওয়া হয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য তহবিল থেকে ঋণ নিয়ে বেতন পরিশোধ করা হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের তহবিলে আর কোনো টাকা জমা নেই বলে জানায় বিশ্ববিদ্যালয় সূত্র।
এ ব্যাপারে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, ‘আগের উপাচার্যের অনিয়মের খেসারত কেন নিয়মিত শিক্ষকদের বহন করতে হবে? আমাদের আর কোনো দাবি নেই।’
উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী অবরুদ্ধ অবস্থায় আজ বিকেল পাঁচটার দিকে তাঁর কক্ষ থেকে মুঠোফোনে প্রথম আলো ডটকম তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘বকেয়া বেতনসহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কিছু শিক্ষক-কর্মচারীর চাকরি স্থায়ীকরণের বিষয়টি সুরাহা করতে শিক্ষকদের বর্তমান মাসের কয়েকটা দিন অপেক্ষা করতে বলেছিলাম। কিন্তু হঠাত্ করে তাঁরা আমাকে অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেছেন। এর পরও এ সমস্যার সমাধান অতি দ্রুত সম্পন্ন করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’