বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের অবস্থান
তিন মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে সেনসিবল ফ্যাশন নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক সমিতির (বিকেএমইএ) ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে সেনসিবল ফ্যাশনের শ্রমিক রেহানার সভাপতিত্বে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির প্রমুখ।
আবু নাঈম খান বলেন, গত ২৫ এপ্রিল বকেয়া বেতন না দিয়ে বেআইনিভাবে সেনসিবল ফ্যাশন বন্ধ করা হয়েছে। বন্ধ হওয়ার পর শ্রমিকেরা আইনানুগ সব পদক্ষেপ নিয়েছেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিল্প পুলিশ—সব জায়গায় স্মারকলিপি দিয়েছেন। সবাই প্রতিশ্রুতি দিয়েছেন সংকট সমাধানের। কিন্তু আজও তা হয়নি। ৬ মে বিকেএমইএর সামনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও বিকেএমইএর সভাপতি এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছিলেন। সেটাও বাস্তবায়িত হয়নি। ১০ মে ফতুল্লা মডেল থানায় শ্রমিকদের পাওনা ১ কোটি ৫৮ লাখ টাকা আত্মসাতের মামলা দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ সেনসিবল ফ্যাশনের মালিকদের গ্রেপ্তার করছে না। এই অবস্থায় সেনসিবল ফ্যাশনের ৩৫০ জন শ্রমিককে বাঁচাতে মার্চ থেকে মে—এই তিন মাসের বেতন পরিশোধ করতে হবে। অবিলম্বে বন্ধ কারখানা খুলে দিতে হবে।