বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে ঢাকার আশুলিয়ার ইউনিক এলাকায় আরএসএম ফ্যাশনস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে গত মাসের বেতন পরিশোধের দাবি জানান। কর্তৃপক্ষ টালবাহানা করে সময় কাটাতে থাকলে শ্রমিকেরা কাজ না করে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভ করার পরও বেতন পাওয়ার নিশ্চয়তা না পেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন। আধা ঘণ্টা অবরোধ করে রাখার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানতে চাইলে শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক আবদুস সাত্তার বলেন, গত মাসের বেতন না দেওয়ায় শ্রমিকেরা বিক্ষোভের পর সড়ক অবরোধ করেন।