বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকায় একটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা এসব কর্মসূচি পালন করেন।
কারখানার শ্রমিকেরা জানান, কেওয়া নতুন বাজার এলাকায় সোলার সিরামিক লিমিটেড নামের একটি কারখানায় তাঁরা কাজ করেন। সরকারের ঘোষণা অনুযায়ী ঈদের ছুটির আগে সেপ্টেম্বরের অর্ধেক মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা। কারখানা কর্তৃপক্ষ বেতন-বোনাস দেওয়ার আশ্বাস দিলেও শুধু ঈদ বোনাস দিয়ে ঈদের আগে কারখানা ছুটি দিয়ে দেয়।
ঈদের ছুটির পর ৩ অক্টোবর কারখানা খুললে শ্রমিকেরা তাঁদের আগের দাবির কথা আবারও জানান। পরে কর্তৃপক্ষ ৭ অক্টোবর গত মাসের পুরো বেতন দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু ৭ অক্টোবরেও তাঁদের বেতন দেওয়া হয়নি। শ্রমিকেরা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেপ্টেম্বরের বেতন চাইতে গেলে কারখানার ফ্লোর ইনচার্জ আবদুল মালেক ও উৎপাদন ব্যবস্থাপক আবুবকর সিদ্দিক তাঁদের সঙ্গে খারাপ আচরণ ও বকাঝকা করেন। এতে শ্রমিকেরা কর্মবিরতি এবং কারখানায় বিক্ষোভ শুরু করেন।
কারখানার শ্রমিক সাইফুল ইসলাম ও কালাম মিয়া বলেন, সেপ্টেম্বরের বেতন ছাড়াও কারখানার বাইরে যাওয়ার গেটপাস ও প্রতি মাসের বেতন ১০-১৫ তারিখে দেওয়ার দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। বেতন পরিশোধ করা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, ২৫ অক্টোবরের মধ্যে শ্রমিকদের সেপ্টেম্বরের বেতন পরিশোধ ও গেটপাস দেওয়ার আশ্বাস দিলে কিছুসংখ্যক শ্রমিক তাঁদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেন। তবে কিছুসংখ্যক শ্রমিক কাজে ফেরেননি।