বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরের টঙ্গীর মৈত্রী শিল্পকারখানায় গতকাল মঙ্গলবার শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। এ সময় তাঁদের হামলায় কারখানার তিন কর্মকর্তাসহ পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ গতকাল কারখানা ছুটি ঘোষণা করে।
শ্রমিকেরা বলছেন, তাঁদের ছয় মাসের বেতন বকেয়া রয়েছে। তা পরিশোধ না করায় তাঁরা বিক্ষোভ শুরু করেন। পাওনা পরিশোধ না করা হলে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। এই কারখানাটিতে মুক্তা ব্র্যান্ডের মিনারেল ওয়াটার ছাড়াও প্রায় ৪০ ধরনের প্লাস্টিক সামগ্রী উৎপাদন করা হয়।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, টঙ্গীর মাছিমপুর গাজিবাড়ী এলাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন মৈত্রী শিল্পকারখানাটিতে কর্মরত অর্ধেক শ্রমিকই প্রতিবন্ধী। ১৯৮১ সালে ওই কারখানাটি স্থাপিত হয়। পরে কারখানাটি রুগ্ণ শিল্পে পরিণত হলে দুই বছর বন্ধ থাকে। ২০১২ সালে কারখানাটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের আওতায় নিয়ে আসা হয় এবং প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তা নিয়োগ দিয়ে চালু করা হয়। এর পর থেকেই এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। এখন প্রতিষ্ঠানের লাভ থেকে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়। গত সোমবার সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করা হয়েছে। শ্রমিকেরা গতকাল গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বেতন-ভাতা পরিশোধের দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার প্রশাসনিক ও হিসাব শাখার আসবাব, জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় তাঁদের হামলায় কারখানার প্রশাসনিক কর্মকর্তা ইউনুছ আহমেদ (৪০), প্ল্যান্ট সুপারভাইজার রিয়াজ উদ্দিন (৫০) ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহসীন আলীসহ (৪৫) পাঁচজন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং গতকালের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়।
কারখানার নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, কারখানাটি বন্ধ হওয়ায় শ্রমিকদের এক বছরের বেতন-ভাতা বকেয়া রয়েছে। তাঁদের ছয় মাসের বকেয়া পরিশোধ করা হয়েছে। বাকি ছয় মাসের বকেয়াও পরিশোধ করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, বকেয়া পরিশোধের জন্য সরকারের কাছে থোক বরাদ্দের আবেদন করলে জানানো হয়, ওই প্রতিষ্ঠানে জন্য সরকারের পলিসি হচ্ছে, এখানকার আয় থেকেই শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন জানান, উত্তেজিত শ্রমিকদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।