
বকেয়া মজুরির দাবিতে গতকাল রোববার খুলনা, চট্টগ্রাম ও যশোরে সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন হাজার হাজার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ সমন্বয় পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব সমাবেশ হয়। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে বকেয়া মজুরি পরিশোধের দাবি জানানো হয়।
ঢাকার বাইরে প্রথম আলোর খুলনা অফিস, অভয়নগর (যশোর) ও সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধির পাঠানো খবর:
খুলনা: গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিজ নিজ কারখানা এলাকায় বিক্ষোভ ও প্রশাসনিক ভবন ঘেরাও করেন খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, দিঘলিয়ার সবটার, আটরা এলাকার আলীম ও ইস্টার্ন জুট মিলের শ্রমিকেরা। তাঁরা বিআইডিসি রোড থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি খালিশপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ক্রিসেন্ট গেটে একটি সমাবেশ হয়।
ইস্টার্ন ও আলীম জুট মিলের শ্রমিকেরাও খুলনা-যশোর মহাসড়কে সমবেত হয়ে মিছিল নিয়ে বাইপাস সড়ক প্রদক্ষিণ করেন। এরপর ইস্টার্ন জুট মিলের গেটে সমাবেশ হয়। বক্তারা অবিলম্বে মজুরি কমিশনের বকেয়া তৃতীয় কিস্তির টাকা পরিশোধের জন্য সরকারের প্রতি দাবি জানান।
চট্টগ্রাম: গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলায় চারটি পাটকল ও একটি যন্ত্রাংশ তৈরির কারখানার কয়েক হাজার শ্রমিক ঘণ্টাব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। উপজেলার বাড়বকু এলাকায় গালফ্রা-হাবিব লি., ভবানি এলাকায় আর আর জুট মিলস, কৌট্টবাজার এলাকায় এম এম জুট মিলস, কুমিরা এলাকায় গুল আহমঞ্চদ জুট মিলস ও সোনাইছড়ি এলাকায় হাফিজ জুট মিলস লি. এর শ্রমিকেরা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেন।
এ সময় সিবিএ সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক সম্পাদক মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, দুই দিনের মধ্যে সরকার মজুরি কমিশনের বকেয়ার তৃতীয় কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে পরদিন থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
যশোর: অভয়নগর উপজেলার রাজঘাটে অবস্থিত রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং জুট মিলসের শ্রমিকেরা গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন জেজেআই সিবিএ সভাপতি ইকবাল হোসেন, কার্পেটিং জুট মিলের সিবিএ সভাপতি মুনছুর আলী প্রমুখ।
বক্তারা জানান, সরকার ২০০৯ সালে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন ঘোষণা করে ২০১২ সালের জুলাই মাসে কার্যকর করে। বিজেএমসি (বাংলাদেশ পাটকল করপোরেশন) চলতি বছরের মধ্যে চার কিস্তিতে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের ঘোষণা দেয়। গত জানুয়ারি ও মার্চ মাসে মজুরির প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করা হয়। গত জুলাইয়ে তৃতীয় কিস্তির টাকা পরিশোধের কথা ছিল। পরে সময় বাড়িয়ে তা ৩১ আগস্ট এবং সর্বশেষ ৫ সেপ্টেম্বর পরিশোধের সিদ্ধান্ত নেয় সরকার। তবে এখনো তা পরিশোধ করা হয়নি।