বকের বসতিতে হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে তেঁতুলগাছে প্রচুর বক বাসা করেছে। সেখান থেকে ছানা পেড়ে বিক্রির অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত।
গাজীপুরে তেঁতুলগাছে প্রচুর বক বাসা করেছে। সেখান থেকে ছানা পেড়ে বিক্রির অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত।

গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজার মন্দিরের সামনের একটি বাড়িতে বড় তেঁতুলগাছ। সেখানে বাসা বেঁধেছে শত শত বক। কিন্তু বকের শান্তি নেই। তাদের লাঠি দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে।

লাঠির আঘাতে মা বককে তাড়িয়ে শত শত বকের ছানা গাছের নিচে ফেলা হচ্ছে। তারপর বিক্রি করা হচ্ছে বকের ছানা। বকের বাসায় মানুষের এই উৎপাতের খবর শুনে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।

স্থানীয় লোকজন বলেন, গৌরাঙ্গ বণিক নামের এক ব্যক্তির বাড়িতে একটি বড় তেঁতুলগাছ রয়েছে। প্রতিবছর প্রচুর বক সে গাছে আশ্রয় নেয়। বছরের নির্দিষ্ট একটি সময়ে গাছে বাসা বেঁধে ডিম পাড়ে বকগুলো। ডিম থেকে ছানা হয়। ছানাগুলো বড় হয়। এবারও শতাধিক বক বাসা বেঁধেছে ওই তেঁতুলগাছে। শুক্রবার থেকে ওই বক তাড়ানো শুরু হয়েছে। ওই গাছের মালিক লোকজন দিয়ে বকের বাসা ভেঙে দিচ্ছেন। তাঁর ভাষ্য, বাড়ি নোংরা হচ্ছে বলে তিনি বক তাড়াচ্ছেন।

এলাকাবাসী বলছেন, এখন বকের বাচ্চা ফোটার সময়। কিন্তু লাঠি হাতে বকের বাসায় হানা দিতে দেখা যায় কয়েকজনকে। বক তাড়িয়ে বাচ্চাগুলো নিচে ফেলে দেওয়া হচ্ছে।

বড় তেঁতুল গাছটিতে বাঁধা বাসায় ঠাঁই হচ্ছে না। মালিক পক্ষের লোকজন তাড়িয়ে দিচ্ছে, মেরে ফেলছে! তাই বকগুলো আশ্রয় নিচ্ছে আশ-পাশের বাড়িতে। শ্রীপুর, গাজীপুর, ১০ আগস্ট। ছবি: সংগৃহীত
বড় তেঁতুল গাছটিতে বাঁধা বাসায় ঠাঁই হচ্ছে না। মালিক পক্ষের লোকজন তাড়িয়ে দিচ্ছে, মেরে ফেলছে! তাই বকগুলো আশ্রয় নিচ্ছে আশ-পাশের বাড়িতে। শ্রীপুর, গাজীপুর, ১০ আগস্ট। ছবি: সংগৃহীত

নাম প্রকাশ না করে এক ব্যক্তি বলেন, বাড়ি নোংরা করে বলে এমন নির্মম বক নিধন দেখলে মনটা ভেঙে যায়। মা বককে তাড়ালেও যেতে চায় না। গাছের ওপর দিয়ে উড়ে উড়ে আবার গাছের কাছে ফিরে আসার চেষ্টা করে। এমন দৃশ্য দেখে খারাপ লাগে।

গৌরাঙ্গ বণিকের সঙ্গে যোগাযোগ করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার বলেন, ‘এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ ইচ্ছে করলেই জীববৈচিত্র্য ধ্বংস করতে পারে না।’