বকেয়া আদায়ে বিটিআরসিকে তাগিদ দিলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) প্রতিষ্ঠানগুলোর বকেয়া আদায়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন। একই সঙ্গে বিটিআরসিকে আরও গতিশীল হওয়ারও তাগিদ দেওয়া হয়েছে।

বিটিআরসির প্রধান সভাকক্ষে আয়োজিত এক সভায় আজ রোববার রাশেদ খান মেনন এই তাগিদ দেন। মন্ত্রী বলেন, আইজিডব্লিউ প্রতিষ্ঠানগুলোর মালিক যতই প্রভাবশালী হোক না কেন, তাঁদের বকেয়া আদায়ে বিটিআরসিকে কঠোর হতে হবে। বিটিআরসিকে গতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও বলেন মন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বক্কর, বিটিআরসির চেয়ারম্যান সুনিল কান্তি বোস, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ এবং বিটিআরসির কমিশনার ও উচ্চপদস্থ কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার বিভিন্ন আইজিডব্লিউ প্রতিষ্ঠানের বকেয়া নিয়ে ‘প্রথম আলো’তে ‘সরকারের টাকা মেরে খাচ্ছে মন্ত্রী-সাংসদের ৯ প্রতিষ্ঠান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুসারে আওয়ামী লীগের মন্ত্রীসহ প্রভাবশালী নয় ব্যক্তির কাছে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকাসহ বিভিন্ন আইজিডব্লিউ প্রতিষ্ঠানের কাছে প্রায় এক হাজার কোটি টাকা পায় বিটিআরসি।

বিদেশ থেকে করা (আন্তর্জাতিক ইনকামিং) কলগুলো আইজিডব্লিউ অপারেটরের মাধ্যমে দেশে প্রবেশ করে এবং সংশ্লিষ্ট মুঠোফোন ও  টেলিফোনের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছানো হয়। আইজিডব্লিউর নীতিমালা অনুসারে প্রতি মিনিট আন্তর্জাতিক টেলিফোন কল দেশে আনার সঙ্গে ৩ সেন্ট করে দেশে আসে। এই ৩ সেন্টের ৫১ দশমিক ৭৫ শতাংশ রাজস্ব ভাগাভাগির চুক্তি অনুযায়ী সরকারকে দিতে হয়। এ ছাড়া আইজিডব্লিউ প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন নবায়ন বাবদ প্রতি বছর সাড়ে সাত কোটি টাকা দিতে হয়।