বকেয়া কর আদায়ে ক্রোকি অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া কর আদায়ে গত রোববার ক্রোকি অভিযান পরিচালনা করেছে কক্সবাজার পৌরসভা। ঢাকঢোল পিটিয়ে এ অভিযান চালানো হয়। পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজবিহারী দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরসভার প্রধান নির্বাহী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর কবিরসহ সংশ্লিষ্ট কাউন্সিলর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পৌরসভার প্রধান নির্বাহী কে এম আলমগীর কবির বলেন, ‘রোববার দুপুর থেকে পৌরসভার করখেলাপিদের বিরুদ্ধে ক্রোকি অভিযান শুরু হয়। প্রথম দিন রশিদ কমপ্লেক্স থেকে ৪৫ হাজার এবং করিম বার্মিজ মার্কেট থেকে ২০ হাজার টাকার কর আদায় করা হয়েছে।’ তিনি বলেন, ‘বেশ কিছু বাসাবাড়ির মালিক কর পরিশোধের জন্য ২৫ জুন পর্যন্ত সময় চেয়ে নেন। তাই অভিযান কয়েক দিনের জন্য স্থগিত করা হয়েছে। ২৫ জুনের মধ্যে সব খেলাপি কর পরিশোধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ পৌরসভার প্রধান কর আদায়কারী আবদুল মাবুদ জানান, শহরের পাঁচ হাজার ৬৩৭টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির বিপরীতে কর বকেয়া রয়েছে চার কোটি ৫৫ লাখ ১৭ হাজার ৬৯০ টাকা। তিনি বলেন, ‘ঢাকঢোল পিটিয়ে ঘরে ঘরে গিয়ে কর আদায়ের ঘটনায় অনেকে বেকায়দায় পড়ে বকেয়া পরিশোধের প্রস্তুতি নিচ্ছেন।’ পৌরসভার মেয়র রাজবিহারী দাশ বলেন, দীর্ঘদিন ধরে কর বকেয়া থাকায় পৌরসভার উন্নয়ন কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। তহবিলের অভাবে নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘ভোট কমে যাওয়ার আশঙ্কায় পৌরকর্তারা দীর্ঘদিন ধরে বকেয়া কর আদায় করেননি। তাই ঢাকঢোল পিটিয়ে কর আদায়ের এই লজ্জাজনক ব্যবস্থা নেওয়া হয়েছে।’