বকেয়া কর আদায়ে সরাসরি তাগাদা
বকেয়া কর আদায় ও লাইসেন্স করার জন্য বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ভবনমালিকের কাছে গিয়ে সরাসরি তাগাদায় নেমেছে সিলেট সিটি করপোরেশন। গতকাল শুক্রবার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের নেতৃত্বে বিভিন্ন এলাকার ১১৫টি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয়েছে। সিলেটে কর আদায়ে সরাসরি তাগাদা দেওয়ার ঘটনা এটাই প্রথম।
দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ কার্যক্রম চালানো হয়। এই সময়ের মধ্যে নাইওরপুল, জেলরোড, নয়াসড়ক ও বারুতখানা এলাকার ১১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে কর আদায় ও লাইসেন্সের জন্য সরাসরি তাগাদা দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের ২২ হাজার নিবন্ধিত ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে সিটি করপোরেশনের কর পাওনা প্রায় ৫০ কোটি টাকা। এর মধ্যে চলতি বছরের পাওনা প্রায় ছয় কোটি টাকা। বকেয়া কর আদায় বাড়াতে কাগুজে তাগাদা দিলেও আদায় সন্তোষজনক নয়। এ কারণে সরাসরি ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সময় নির্ধারণ করে কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫ মের মধ্যে হালনাগাদ কর পরিশোধের তাগাদা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।
সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর জানায়, দুপুর ১২টায় প্রথমেই যাওয়া হয় কুমারপাড়া পয়েন্টের ‘বেবি শপ’ ও ‘ওয়েস্টিন’ নামের দুটি অভিজাত ব্যবসা প্রতিষ্ঠানে। তাদের কাছে ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। এরপর যাওয়া হয় সিলেট গ্রামার স্কুল যে ভবনে পরিচালিত, সেখানে। ভবনটির মালিক নয় বছর হোল্ডিং ট্যাক্স দেননি। প্রায় ৮০ হাজার টাকা তাঁর কাছে পাওনা। জেল রোডে মেসার্স ফরিদ আহমদ অ্যান্ড ব্রাদার্স নবায়ন করা ট্রেড লাইসেন্স দেখাতে পারেনি।
গতকাল সরাসরি তাগাদা কার্যক্রমে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াও সচিব রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী হাকিম ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. শরিফুজ্জামান, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিব প্রমুখ অংশ নেন।
জানতে চাইলে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন, এই খাত হচ্ছে সিটি করপোরেশনের নিজস্ব আয়ের খাত। এটি ব্যাহত হলে উন্নয়নও ব্যাহত হয়। সরাসরি তাগাদায় নেমে শুধু কর আদায় নয়, ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনায় কোনো নাগরিক অসুবিধা আছে কি না—তাও খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ বা লাইসেন্স না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এভাবে সরাসরি তাগাদা কার্যক্রম অব্যাহত থাকবে।