বকেয়া গৃহকর আদায়ে করদাতাদের সঙ্গে মতবিনিময় করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে করপোরেশনের রাজস্ব সার্কেল-৫-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় করদাতারা প্রায় ১৩ লাখ টাকা গৃহকর পরিশোধ করেন।
নগরের দামপাড়ায় রাজস্ব সার্কেল-৫-এর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজস্ব সার্কেল-৫-এর কর কর্মকর্তা মো. জানে আলম ও উপকর কর্মকর্তা মহিউদ্দিন আহমদ সরওয়ার চৌধুরী।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কিংবা বড় অঙ্কের গৃহকর বকেয়া রয়েছে, এমন ৬০ ব্যক্তিকে মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হয়। তাঁদের কাছে সিটি করপোরেশনের পাওনা রয়েছে ২ কোটি ৩৫ লাখ টাকা। গতকালের সভায় অন্তত ৩০ জন উপস্থিত ছিলেন। সভায় তিন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান প্রায় ১৩ লাখ টাকা গৃহকর পরিশোধ করে।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সভায় উপস্থিত করদাতাদের অনেকে বকেয়া থাকার ব্যাপারে তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেছেন। এ জন্য বকেয়া কর পরিশোধের জন্য সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে কর পরিশোধ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল প্রায় নয় বছরের বকেয়া ২ লাখ ৩৫ হাজার টাকা গৃহকরের মধ্যে ৫২ লাখ ৭৮৫ টাকা পরিশোধ করেন আজিজুল হক চৌধুরী। তাঁর ছেলে হাসনাত উল্লাহ চৌধুরী একটি চেক প্রধান রাজস্ব কর্মকর্তার হাতে তুলে দেন। তিনি বলেন, তাঁর বাবা আজিজুল হক চৌধুরী অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে গৃহকর পরিশোধ করা সম্ভব হয়নি। এখন ধাপে ধাপে পরিশোধ করা হবে।
সিটি করপোরেশনের আটটি রাজস্ব সার্কেলে নিয়মিত এ ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।