বকেয়া ঘরভাড়ার জন্য শিকলে বেঁধে নির্যাতন
ফেব্রুয়ারি মাসের ঘরভাড়া সময়মতো পরিশোধ করতে না পারায় রিকশাভ্যানচালক এক ভাড়াটেকে দিনভর শিকলে বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল মঙ্গলবার গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ীর হরিণাচালা পারিজাত এলাকায় ওই ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ গিয়ে ভাড়াটে ফরিদ মিয়াকে (২৭) উদ্ধার করে। বাড়ির মালিক তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, নয় মাস আগে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষ্ণারচর গ্রামের ফরিদ মিয়া কোনাবাড়ীর পারিজাত এলাকার তোফাজ্জল হোসেনের একটি ঘর ভাড়া নেন। রিকশাভ্যান চালিয়ে মেটাতেন ঘরভাড়া ও সংসারের খরচ। প্রতি মাসে ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতেন ফরিদ। সম্প্রতি সংসারে বেশি খরচ হওয়ায় এবং ঘন ঘন হরতালে আয়-রোজগার কমায় গত ফেব্রুয়ারি মাসের ভাড়া পরিশোধ করতে পারেননি তিনি। ফরিদ বলেন, ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়ির মালিক তোফাজ্জল গতকাল সকালে তাঁকে অনেক গালমন্দ করেন। তিনি অন্যত্র ঘর নেওয়ার কথা জানালে ক্ষুব্ধ হন তোফাজ্জল। সকাল নয়টার দিকে তোফাজ্জল তাঁর হাতে শিকল বেঁধে ঘরের খুঁটির সঙ্গে আটকে রাখেন এবং মারধর করেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তাঁরা পুলিশকে জানান। খবর পেয়ে কোনাবাড়ী ফাঁড়ির পুলিশ সদস্যরা সন্ধ্যা সাতটার দিকে ফরিদকে উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তোফাজ্জল। পরে বাড়ি ফিরলে রাত ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, বাড়ির মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।